• facebook
  • twitter
Friday, 6 March, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মোদীর

আমরা সবময় শান্তি ও স্থিতিশীলতার পক্ষে, বার্তা প্রধানমন্ত্রীর

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিদেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেন্দ্র সবরকম পদক্ষেপ করছে। সোমবার একথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই লক্ষ্য পূরণের জন্য দিল্লি পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে কাজ করছে। প্রধানমন্ত্রী বলেন, ভারত শান্তি ও আলোচনার মাধ্যমে সকল বিরোধের সমাধান চায়। বিশেষ করে প্রবাসী ভারতীয়দের সুরক্ষাকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে।

মার্কিন ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলী খামেনি নিহত হওয়ার পর গোটা পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে। অনেক দেশেই বিমান পরিষেবা স্থগিত এবং আকাশসীমা বন্ধ করা হয়েছে। এর ফলে বহু ভারতীয় ওই অঞ্চলে আটকে পড়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি ইতিমধ্যেই তাঁদের নিরাপদে ফেরানোর ব্যাপারে তৎপর হয়েছে।

Advertisement

বিদেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে উদ্ধার করে নিয়ে আসার বিষয়ে রবিবারই এক দফা আলোচনা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোদীও। তিনি বলেন, ‘পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তার জন্য পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি। ভারত চায় আলোচনা এবং কূটনৈতিক পথে সব সমস্যার সমাধান হোক।’

Advertisement

এরপরেই কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যাপারে প্রস্তুত কেন্দ্র। প্রহ্লাদ জোশী জানান, পশ্চিম এশিয়ায় আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের ভারতীয় মিশনগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সেই সব দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরত আনার ব্যাপারে  সংশ্লিষ্ট দেশের দূতাবাসের ঊর্ধ্বতন আধিকারিকরা আলোচনা করছেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। সোমবার তিনি এক বিবৃতি জারি করে মোদী সরকারের পরিকল্পনার কথা জানান। 

এদিকে সোমবারই কর্নাটক সরকারের তরফে এক পরিসংখ্যান দিয়ে দাবি করা হয়, তাদের রাজ্যের ১০০ জনেরও বেশি পশ্চিম এশিয়ায় আটকে রয়েছেন। সেই বিষয় নিয়ে প্রহ্লাদ জানান, কর্নাটকবাসীর আটকে পড়ার বিষয়টি ভারত সরকার জানে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের ব্যাপারে আলোচনা হয়েছে। উদ্বিগ্ন পরিবারের উদ্দেশে কেন্দ্রীয় মন্ত্রীর বার্তা, ‘আতঙ্কিত হওয়ার কারণ নেই। সরকার সব ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।’

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে বর্তমানে ৪ দিনের সফরে ভারতে রয়েছেন। সোমবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরেও মোদী পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী  বলেন, সন্ত্রাসবাদ ও কট্টরপন্থা শুধু ভারত বা কানাডার নয়, গোটা বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তিনি জোর দিয়ে বলেন, ভারতের অবস্থান সবসময় শান্তি ও স্থিতিশীলতার পক্ষে।

Advertisement