• facebook
  • twitter
  • youtube
Thursday, 20 August, 2026

বাংলাদেশি তকমাতে পাঠানো বাংলার পরিযায়ী শ্রমিকরা ফিরল দেশে, সুপ্রিম কোর্টে নিষ্পত্তি মামলা

মামলাটি আর ঝুলিয়ে রাখার প্রয়োজন নেই। মামলা নিষ্পত্তি করে দিলেও নাগরিকত্ব সংক্রান্ত মূল আইনি প্রশ্নে কোনও চূড়ান্ত রায় দিল না শীর্ষ আদালত।

বাংলাদেশি তকমাতে পাঠানো বাংলার পরিযায়ী শ্রমিকরা ফিরল দেশে, সুপ্রিম কোর্টে নিষ্পত্তি মামলা

File Photo

বাংলাভাষী নাগরিকদের নাগরিকত্ব নিয়ে সন্দেহের জেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হচ্ছিল। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্র শীর্ষ আদালতে দারস্থ হয়। এবার সেই মামলায় সুপ্রিম কোর্টে এল নজিরবিহীন মোড়। শুনানি চলাকালীনই কেন্দ্র জানাল, বাংলাদেশে পাঠানো সংশ্লিষ্ট সকলকেই দেশে ফিরিয়ে আনা হয়েছে। ফলে আপাতত মামলা নিষ্পত্তি করে দিল শীর্ষ আদালত। তবে নাগরিকত্ব নির্ধারণের বৃহত্তর আইনি প্রশ্নের কোনও চূড়ান্ত মীমাংসা এই মামলায় করল না তিন বিচারপতির বেঞ্চ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়। এর আগে কেন্দ্র আদালতকে জানিয়েছিল, বাংলাদেশে পাঠানো কয়েকজনকে দেশে ফিরিয়ে এনে প্রথমে তাঁদের নাগরিকত্ব যাচাই করা হবে। নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে শীর্ষ আদালতে আশ্বাস দিয়েছিল কেন্দ্র।

শুনানিতে প্রবীণ আইনজীবী সঞ্জয় হেগড়ে জানান, সলিসিটর জেনারেলের হস্তক্ষেপের জন্য তিনি কৃতজ্ঞ। তাঁর বক্তব্য, বিষয়টি কার্যত মিটে গিয়েছে এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তিই দেশে ফিরে এসেছেন। পাল্টা সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, তাঁদের মধ্যে একজনকে আদালতের নির্দেশের আগেই ফিরিয়ে আনা হয়েছিল। পরে হেগড়ে স্পষ্ট করেন, বাকিরাও দেশে ফিরে এসেছেন।

তবে এখানেই নতুন করে প্রশ্ন ওঠে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে ফেরানো হলেও নাগরিকত্ব নিয়ে বৃহত্তর আইনি প্রশ্নটির নিষ্পত্তি হয়নি। সেই প্রশ্ন ভবিষ্যতের মামলার জন্য খোলা রাখার আবেদন জানান হেগড়ে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট জানায়, বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে আদালতকে জানানো হয়েছে। তাই মামলাটি আর ঝুলিয়ে রাখার প্রয়োজন নেই। মামলা নিষ্পত্তি করে দিলেও নাগরিকত্ব সংক্রান্ত মূল আইনি প্রশ্নে কোনও চূড়ান্ত রায় দিল না শীর্ষ আদালত।

আরও পড়ুন: কালো ধোঁয়ায় ঢাকল বারাসত মেডিক্যালের লেডিস হোস্টেল, আগুন আতঙ্কে অল্পের জন্য প্রাণরক্ষা

অর্থাৎ, আপাতত দেশে ফিরলেন বাংলাদেশে পাঠানো সকলে। কিন্তু কে ভারতীয় নাগরিক? নাগরিকত্ব যাচাইয়ের আইনি পদ্ধতি কী? এমন পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতার সীমা কোথায়? সেই সকল বড় প্রশ্নের উত্তর এখনও অধরা।