দেশের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক বাবু জগজীবন রাম-এর ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লিতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল তাঁর অবদান। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে সম্মান জানালেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং প্রাক্তন লোকসভা স্পিকার মীরা কুমার দিল্লি গেটের কাছে অবস্থিত ‘সমতা স্থল’-এ গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। কেন্দ্রীয় সমাজ ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
একই সঙ্গে, কৃষ্ণ মেনন মার্গে অবস্থিত বাবু জগজীবন রাম জাতীয় ফাউন্ডেশনে সর্বধর্ম প্রার্থনার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বহু বিশিষ্ট ব্যক্তি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও বাবু জগজীবন রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ‘সমাজ ন্যায় প্রতিষ্ঠার পথিকৃৎ হিসেবে তিনি সারা জীবন দেশসেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর সংগ্রাম ও আদর্শ আগামী দিনেও আমাদের পথ দেখাবে।’
Advertisement
বাবু জগজীবন রাম ছিলেন দেশের এক গুরুত্বপূর্ণ নেতা, যিনি স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘ ৩৫ বছর মন্ত্রিত্ব সামলানোর মাধ্যমে তিনি দেশের অন্যতম দীর্ঘকালীন মন্ত্রী হিসেবেও পরিচিত। খাদ্য ও কৃষিমন্ত্রী হিসেবে তাঁর সময়েই দেশে সবুজ বিপ্লবের সূচনা হয়, যা কৃষিক্ষেত্রে এক নতুন দিশা দেখায়। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ১৯৭১ সালের যুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যার ফলে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়।
Advertisement
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি এল বর্মা, সাংসদ মনোজ কুমার সহ আরও অনেকে। এছাড়াও বাবু জগজীবন রাম জাতীয় ফাউন্ডেশনের বিভিন্ন পদাধিকারীরাও শ্রদ্ধা জানান। দেশজুড়ে আজও তাঁর আদর্শ ও কাজ মানুষের মধ্যে প্রেরণা জোগায়— এমনটাই মনে করছেন বিভিন্ন মহল।
Advertisement



