• facebook
  • twitter
  • youtube
Tuesday, 8 September, 2026

সাজছে কানপুর, নভেম্বরেই বসছে সেবা মেলা: মেগাইভেন্ট ঘিরে ভোটমুখী রাজ্যজুড়ে হইচই

ভোটের আগে কানপুরে পাঁচ দিনের সেবা মেলা, ধর্মীয় আয়োজন ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উত্তরপ্রদেশে।

সাজছে কানপুর, নভেম্বরেই বসছে সেবা মেলা: মেগাইভেন্ট ঘিরে ভোটমুখী রাজ্যজুড়ে হইচই

Hindu Spiritual and Service Fair (Image: HSSF)

ভোটমুখী উত্তরপ্রদেশে এখন নানা রং। এই যেমন কানপুর শহর জুড়ে সাজো সাজো রব। কারণ, নভেম্বরের শেষে পাঁচ দিনের এক বিরাট ধর্মীয় ও সেবামূলক মেলা বসতে চলেছে সেখানে। আয়োজকদের দাবি, এই আয়োজনের লক্ষ্য নিছকই সমাজসেবা তুলে ধরা। কিন্তু মেগা এই অনুষ্ঠানের টাইমিং নিয়ে যথারীতি রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

কী এই সেবা মেলা

আসন্ন এই মেগা ইভেন্টের পোশাকি নাম হিন্দু স্পিরিচুয়াল অ্যান্ড সার্ভিস ফেয়ার (Hindu Spiritual and Service Fair), স্থানীয় ভাবে যাকে বলা হচ্ছে সেবা মেলা। উত্তরপ্রদেশের কানপুরে চন্দ্রশেখর আজাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের (Chandra Shekhar Azad University of Agriculture and Technology) প্রাঙ্গণে বসবে এই মেলা। ২৬ থেকে ৩০ নভেম্বর, অর্থাৎ পাঁচ দিন ধরে চলবে অনুষ্ঠান।

আয়োজনে কারা

এই মেলার নেপথ্যে রয়েছে হিন্দু স্পিরিচুয়াল অ্যান্ড সার্ভিস ফাউন্ডেশন (Hindu Spiritual and Service Foundation) নামে একটি সংগঠন, সংক্ষেপে যেটা পরচিত এইচএসএসএফ (HSSF) নামে। ১৯৯৫ সালে হিন্দু ও হিন্দুত্বের সংজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টের একটি রায়কে ভিত্তি করে গড়ে ওঠা এই সংগঠন প্রতি বছর দেশের বিভিন্ন শহরে এমন মেলার আয়োজন করে থাকে। এর আগে মুম্বাইয়ে চার দিনের এমনই একটি মেলায় হাজির ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল স্বয়ং। কানপুরের এই আয়োজনে এইচএসএসএফের পাশাপাশি হাত মিলিয়েছে প্রয়াগরাজের এথিক্যাল অ্যান্ড কালচারাল ট্রেনিং ইনস্টিটিউট। সম্প্রতি প্রয়াগরাজের একটি হোটেলে দুই সংগঠনের মধ্যে বৈঠক হয়ে গিয়েছে, যেখানে চূড়ান্ত হয়েছে মেলার রূপরেখা।

কী থাকছে অনুষ্ঠানে

আয়োজকরা জানিয়েছেন, হিন্দু সমাজের সেবামূলক কাজকর্মকে সামনে আনাই এই মেলার মূল উদ্দেশ্য। থাকছে সূর্য নমস্কার (Surya Namaskar) শিবির, গীতা স্বাধ্যায় (Gita Swadhyaya) বা গীতাপাঠের আসর। বিশেষ ভাবে সম্মান জানানো হবে ভারতীয় সেনার পরম বীর চক্র (Param Vir Chakra) প্রাপকদের। এ ছাড়া থাকবে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও আধ্যাত্মিক সংগঠনের স্টল, যেখানে সাধারণ মানুষ সরাসরি জানতে পারবেন কোন কোন সেবামূলক কাজে তাঁরা যুক্ত হতে পারেন।

ভোটের অঙ্ক

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হবে ২০২৭ সালে। তার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে কানপুরের মতো গুরুত্বপূর্ণ শহরে এমন বড় মাপের ধর্মীয়-সামাজিক আয়োজন নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ভোটমুখী রাজ্যে এই ধরনের মেলা জনসংযোগ আর ভাবমূর্তি তৈরির কাজে ব্যবহৃত হতে পারে, বিশেষত যেখানে ধর্মীয় আবেগ আর সামাজিক সেবার আখ্যান একসঙ্গে গাঁথা থাকে। যদিও আয়োজক সংস্থার তরফে সরাসরি কোনও রাজনৈতিক দলের নাম উচ্চারণ করা হয়নি, বরং জোর দেওয়া হয়েছে সমাজসেবার দিকটির উপরেই। উত্তরপ্রদেশে ইতিমধ্যেই ক্ষমতাসীন দল মিশন ২০২৭ নাম দিয়ে সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানা যাচ্ছে, ফলে আগামী কয়েক মাসে রাজ্য জুড়ে এমন আরও আয়োজন চোখে পড়তে পারে বলে মনে করছেন অনেকে।

কানপুরের প্রেক্ষাপট

কানপুর শুধু শিল্পনগরী হিসেবেই পরিচিত নয়, রাজনৈতিক ভাবেও এই শহর বরাবর গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক অতীতে একাধিক বার রাজ্যের শীর্ষ নেতারা এই শহরে সভা-সমাবেশ করেছেন। এমন প্রেক্ষাপটে পাঁচ দিনের এই সেবা মেলা কানপুরের রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করতে চলেছে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।