• facebook
  • twitter
Friday, 29 May, 2026

বিরাট সাফল্য ঝাড়খণ্ড পুলিশের

ঝাড়খণ্ড পুলিশের বড় সাফল্য। নিষিদ্ধ জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএলএফআই)-এর ‘চিফ কমান্ডার’কে গ্রেফতার করা হয়েছে।

ঝাড়খণ্ড পুলিশের বড় সাফল্য। নিষিদ্ধ জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএলএফআই)-এর ‘চিফ কমান্ডার’কে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম অমৃত হোরো। তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। শুক্রবার এই তথ্য জানিয়েছেন রাঁচির সিনিয়র সুপারিন্টেনডেন্ট অব পুলিশ (এসএসপি) রাকেশ রঞ্জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৪ বছর বয়সি অমৃত হোরো ‘মেচো’ এবং ‘সূর্য’ নামেও পরিচিত। বৃহস্পতিবার রাঁচি জেলার লাপুং থানার অন্তর্গত মহুগাঁও জঙ্গল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছিল, কয়েক জন সহযোগীকে নিয়ে ওই এলাকায় জড়ো হয়েছিল হোরো। সেখানে কোনও অপরাধমূলক পরিকল্পনা করা হচ্ছিল বলেই সন্দেহ পুলিশের।

Advertisement

তথ্য পাওয়ার পর দ্রুত অভিযান শুরু করে ঝাড়খণ্ড পুলিশের বিশেষ দল। কুইক রেসপন্স টিম (কিউআরটি) এবং অন্যান্য পুলিশকর্মীদের নিয়ে গঠিত বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। এরপর অভিযান চালিয়ে অমৃত হোরোকে আটক করা হয়।

Advertisement

রাঁচির এসএসপি রাকেশ রঞ্জন জানিয়েছেন, ধৃত জঙ্গি নেতার বিরুদ্ধে একাধিক জেলায় বহু মামলা রয়েছে। চৈবাসা, খুঁটি, গুমলা এবং রাঁচি-সহ বিভিন্ন জেলায় অন্তত ৫০টি ফৌজদারি মামলা দায়ের রয়েছে তাঁর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই পুলিশের খোঁজে ছিল সে।

পিএলএফআই মূলত মাওবাদী সংগঠন থেকে ভেঙে তৈরি হওয়া একটি সশস্ত্র গোষ্ঠী। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে এই সংগঠনের কার্যকলাপ নিয়ে উদ্বেগ রয়েছে প্রশাসনের মধ্যে। পুলিশের মতে, অমৃত হোরোর গ্রেফতার সংগঠনটির জন্য বড় ধাক্কা।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সংগঠনের নেটওয়ার্ক, অস্ত্র মজুত এবং অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে তাঁর সহযোগীদের খোঁজেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

Advertisement