আম আদমি পার্টিতে ভাঙনের জল্পনা আরও জোরালো হল শুক্রবার। সদ্য দলত্যাগী সাংসদ রাঘব চাড্ডা দাবি করেছেন, টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন। তাঁর সঙ্গে আরও কয়েকজন আপ সাংসদেরও গেরুয়া শিবিরে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
দিল্লিতে সাংবাদিক বৈঠকে রাঘব বলেন, আপের একাধিক রাজ্যসভা সাংসদ ইতিমধ্যেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, খুব শীঘ্রই হরভজন সিং ছাড়াও বিক্রম সাহানি, রাজেন্দর গুপ্তা ও স্বাতী মালিওয়ালের মতো নেতারাও বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও এই বিষয়ে সংশ্লিষ্টদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
Advertisement
রাঘব চাড্ডা নিজেও এদিন আনুষ্ঠানিকভাবে আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রায় ১৫ বছর ধরে দলের সঙ্গে যুক্ত থাকার পর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তাঁর কথায়, ‘যুব বয়স থেকে দলের জন্য রক্ত-ঘাম ঝরিয়েছি। কিন্তু এখন দল তার মূল আদর্শ থেকে সরে গিয়েছে।’
Advertisement
তিনি আরও বলেন, গত কয়েক বছর ধরে তিনি অনুভব করছিলেন যে তিনি ‘সঠিক মানুষ হলেও ভুল দলে’ রয়েছেন। তাই দল ছেড়ে সরাসরি মানুষের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রাজনৈতিক মহলের মতে, আপের সঙ্গে রাঘবের দূরত্ব তৈরি হয়েছিল অনেক আগেই। বিশেষ করে তাঁকে রাজ্যসভার উপদলনেতার পদ থেকে সরানোর পরই সেই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এর পর থেকেই বিজেপির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার জল্পনা শুরু হয়।
অন্যদিকে, আপের তরফে রাঘবের এই সিদ্ধান্তকে কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে। দলের এক মুখপাত্র অভিযোগ করেন, রাঘব গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব হতে পারেননি এবং দলের অবস্থানকে সঠিকভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন।
সব মিলিয়ে হরভজন সিং-এর সম্ভাব্য দলবদলের জল্পনা এবং একাধিক সাংসদের নাম ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে এই দাবিগুলি বাস্তবে কতটা কার্যকর হয়, তা এখন সময়ই বলবে।
Advertisement



