• facebook
  • twitter
Monday, 11 May, 2026

দিল্লিতে ই-রিকশা চালকের বিরুদ্ধে জার্মান পর্যটককে প্রতারণার অভিযোগ

৩০ মিনিটের সফরের জন্য ৪৫০০ টাকা দাবি

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিদেশি পর্যটকদের কাছে ভারত দীর্ঘদিন ধরেই অন্যতম আকর্ষণীয় গন্তব্য। দেশের সংস্কৃতি, ঐতিহ্য, স্থাপত্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রা বহু বিদেশিকেই আকৃষ্ট করে। তবে সেই ভারতেরই এক অস্বস্তিকর ছবি ফের সামনে এল রাজধানী দিল্লিতে। এক জার্মান পর্যটকের সঙ্গে ই-রিকশা ভাড়া নিয়ে প্রতারণার অভিযোগ ঘিরে সমাজমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্ট অনুযায়ী, জার্মানি থেকে আসা ওই পর্যটক দিল্লির প্রকৃত জীবনযাত্রা কাছ থেকে দেখতে চেয়েছিলেন। শুধু বড় রাস্তা বা আলোকোজ্জ্বল এলাকা নয়, রাজধানীর সাধারণ বাজার, ছোট খাবারের দোকান এবং অলিগলির পরিবেশ অনুভব করতে চেয়েছিলেন তিনি। সেই সময় এক ই-রিকশা চালক তাঁকে কম খরচে শহরের বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখানোর প্রস্তাব দেন। পর্যটক সেই প্রস্তাবে রাজি হন।

Advertisement

অভিযোগ, প্রায় ৩০ মিনিট ধরে দিল্লির বিভিন্ন এলাকা ঘোরার পর ওই ই-রিকশা চালক ভাড়া হিসেবে ৪ হাজার ৫০০ টাকা দাবি করেন। এত বেশি ভাড়া শুনে হতবাক হয়ে যান জার্মান পর্যটক। ভাড়া নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় বলেও দাবি করা হয়েছে ভাইরাল পোস্টে।

Advertisement

ঠিক সেই সময় ঘটনাস্থলে উপস্থিত এক প্রবীণ চা বিক্রেতা এগিয়ে আসেন। তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং ই-রিকশা চালককে উদ্দেশ করে বলেন, ‘পর্যটকেরা এখানে সুন্দর স্মৃতি নিয়ে যেতে আসেন, খারাপ অভিজ্ঞতা নিয়ে নয়।’ তাঁর হস্তক্ষেপেই শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত হয় বলে জানা গিয়েছে।

পোস্টে আরও দাবি করা হয়েছে, যাওয়ার আগে ওই জার্মান পর্যটক মন্তব্য করেন, ‘আজ আমি ভারতের দু’টি রূপ দেখলাম। একদিকে কেউ আমার সুযোগ নিতে চাইছিল, অন্যদিকে কেউ আমাকে রক্ষা করতে এগিয়ে এল।’

ঘটনাটি সামনে আসতেই সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বহু মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কয়েক জন অসাধু মানুষের জন্য দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁদের মতে, বিদেশি পর্যটকদের সঙ্গে এ ধরনের আচরণ দেশের পর্যটন শিল্পের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে একইসঙ্গে অনেকেই ওই প্রবীণ চা বিক্রেতার মানবিকতার প্রশংসা করেছেন। নেটিজেনদের একাংশের বক্তব্য, ভারতকে সত্যিকারের মহান করে তোলে এই সাধারণ মানুষরাই, যাঁরা কোনও স্বার্থ ছাড়াই অন্যের পাশে দাঁড়ান। তাঁদের মতে, এই মানবিকতাই ভারতের আসল পরিচয়।

পর্যটন বিশেষজ্ঞদের মতে, বিদেশি পর্যটকদের নিরাপত্তা এবং সঠিক অভিজ্ঞতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কারণ একটি খারাপ অভিজ্ঞতা আন্তর্জাতিক স্তরে দেশের ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে। একইসঙ্গে সাধারণ মানুষের মানবিক আচরণও বিদেশিদের মনে ইতিবাচক ছাপ ফেলে যায়।

Advertisement