৯০ বছর বয়সে থেমে গেল পথচলা। প্রয়াত দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল। কয়েক দিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। নিজের বাসভবন ‘দেবঘর’-এ শুক্রবার সকাল ৬টা নাগাদ তাঁর মৃত্যু হয়। ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কংগ্রেস নেতা শিবরাজ পাটিল।
১৯৩৫ সালের ১২ অক্টোবর মহারাষ্ট্রের লাতুর জেলার চাকুর গ্রামে জন্ম গ্রহণ করেছিলেন শিবরাজ পাটিল। খুব অল্প বয়সেই লাতুর পুরসভার প্রধান হয়েছিলেন। ১৯৭২ থেকে ১৯৭৯ পর্যন্ত মহারাষ্ট্রের বিধান পরিষদের সদস্য ছিলেন। ১৯৮০ থেকে ১৯৯৯ পর্যন্ত টানা সাত বার লাতুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান কংগ্রেস নেতা শিবরাজ পাটিল।
Advertisement
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসাবেও একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বভার সামলেছেন শিবরাজ। ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত লোকসভার স্পিকার ছিলেন তিনি। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত পাঞ্জাবের রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসক ছিলেন। আজন্ম কংগ্রেসি শিবরাজ মিষ্টভাষী, রাজনৈতিক শিষ্টাচারের জন্য পরিচিত ছিলেন। ব্যক্তিগত আক্রমণ সেভাবে কখনও কাউকে করেননি।
Advertisement
নীতি আদর্শের ভিত্তিতে রাজনীতি করার জন্য পরিচিত ছিলেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীনই মুম্বইয়ের বুকে ২৬/১১-র ভয়ঙ্কর জঙ্গি হামলা ঘটেছিল। নিরাপত্তা সংক্রান্ত ব্যর্থতার নৈতিক দায় নিয়ে মনমোহন সিংহের মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন শিবরাজ পাটিল।
শিবরাজ পাটিলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘প্রবীণ রাজনৈতিক নেতা শ্রী শিবরাজ পাটিলজিল মৃত্যুতে আমরা একজন বিশিষ্ট নেতাকে হারালাম। তাঁর দীর্ঘ জীবনে তিনি লোকসভার স্পিকার, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল এবং দীর্ঘদিনের সংসদ-সহ অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তাঁর পরিবার, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।‘
শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি এক্স বার্তায় লিখেছেন, ‘শ্রী শিবরাজ পাটিলের মৃত্যুতে আমি শোকাহত। তিনি একজন অভিজ্ঞ নেতা ছিলেন৷ দীর্ঘ জীবনে তিনি বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, মহারাষ্ট্র বিধানসভার স্পিকার এবং লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সমাজের কল্যাণে অবদান রাখার জন্য তিনি ছিলেন অত্যন্ত উৎসাহী। গত কয়েকবছর ধরে তাঁর সঙ্গে আমার অনেক কথা হয়েছে। কয়েক মাস আগে তিনি আমার বাসভবনে এসেছিলেন। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা। ওঁম শান্তি ।
দলের প্রবীণ নেতার মৃত্যুর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৷ এক্স পোস্টে তিনি লিখেছেন, “প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা শিবরাজ পাটিলের মৃত্যু সংবাদে গভীরভাবে শোকাহত। দলের জন্য এ এক অপূরণীয় ক্ষতি। জনসেবার প্রতি তাঁর নিষ্ঠা এবং জাতির প্রতি তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। এই শোকের মুহূর্তে আমার সমবেদনা সমগ্র পাটিল পরিবার, তাঁর শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকদের প্রতি।‘
Advertisement



