• facebook
  • twitter
  • youtube
Monday, 22 June, 2026

কোচিং সেন্টারে দাউদাউ করে জ্বলছে আগুন, বারান্দা থেকে মরণঝাঁপ পড়ুয়াদের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পরে প্রাণ বাঁচাতে একজন ব্যক্তি কোচিং সেন্টারের জানলার কাঁচ ভেঙে বাইরে একটি রড ধরে ঝুলতে থাকেন।

লখনউয়ে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টার থেকে স্থানীয়রা ধোঁয়া বেরোতে দেখেন। পুলিশ সূত্রের খবর, মুর্হূতের মধ্যে আগুন গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে ওই বিল্ডিংয়ের বারন্দা ও ছাদ থেকে ঝাঁপ দেন। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ২০ জন গুরুতর আহত হয়েছেন। তবে ওই বিল্ডিংয়ে এখনও পর্যন্ত অনেকে আটকে রয়েছেন বলে দমকল সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থলে ১০টি দমকল ইঞ্জিন এসে পৌঁছেছে। পুলিশ সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দমকলকর্মীরা আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজ শুরু করেছে।

জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ে একটি পেট শপ, কোচিং সেন্টার ছাড়াও অন্যান্য দোকান ছিল। বিল্ডিংয়ের প্রথম তলায় ছিল কোচিং সেন্টার। সোমবার দুপুর দুটো নাগাদ সেখানে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পরে প্রাণ বাঁচাতে একজন ব্যক্তি কোচিং সেন্টারের জানলার কাঁচ ভেঙে বাইরে একটি রড ধরে ঝুলতে থাকেন। কিন্তু আগুনের প্রচণ্ড তেজ থাকায় তিনি বেশিক্ষণ রড ধরে থাকতে পারেননি। শেষ পর্যন্ত তিনি উপর থেকে রাস্তায় পড়ে যান। সঙ্গে সঙ্গে  ঘটনাস্থলে উপস্থিত মানুষ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে তিনি গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, দুর্ঘটনায় যে ১৪ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন পড়ুয়া। তাঁদের প্রত্যেকের বয়সই ২০-২৪ বছরের মধ্যে। ইতিমধ্যেই আগুন লাগার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আগুন লাগার পরে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দমকলকর্মীরা ওই পেট শপ থেকে একটি বিড়ালকে উদ্ধার করেছেন। তবে দমকলকর্মীদের অনুমান, এখনও পর্যন্ত ওই কোচিং সেন্টারের ভিতরে অনেক পরীক্ষার্থী আটকে থাকতে পারেন। তাই কোচিং সেন্টারের প্রতিটি ঘরে খোঁজ চালাচ্ছে দমকলকর্মীরা।

একজন পুলিশ কর্তা বলেছেন, ‘ওই বিল্ডিংয়ের ভিতরে এখনও পর্যন্ত প্রায় ১০ জন আটকে রয়েছেন। উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এবং প্রধান সচিব সঞ্জয়প্রসাদ ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনাস্থলে প্রায় ১৪টি অ্যাম্বুল্যান্স এসে পৌঁছেছে। উদ্ধারকারী দলের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিল্ডিংয়ের ভিতরে কোচিং ক্লাস চলাকালীন আচমকা আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই বিল্ডিংয়ের বিভিন্ন অংশ ধোঁয়ায় ঢেকে যায়। সেই সঙ্গে আগুনও ছড়িয়ে পড়ে। এরপরেই ভিতরে থাকা ছাত্রছাত্রী ও কর্মীদের মধ্যে কেউ কেউ প্রাণ বাঁচাতে বিল্ডিং থেকে ঝাঁপ দেন।

উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, লখনউয়ের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়েছি। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সরকার সবরকমভাবে সাহায্য করছে। সেই সঙ্গে তিনি এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রশাসনের তরফে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

দুর্ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে শোকজ্ঞাপন করেছেন। এর পাশাপাশি তিনি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন।