রবিবার সকালে হায়দরাবাদ থেকে চেন্নাইগামী চারমিনার এক্সপ্রেসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ট্রেনের এস-৫ কোচে আগুন লাগতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধোঁয়া দেখা যেতেই অনেক যাত্রী ভয়ে চলন্ত ট্রেন থেকেই নেমে পড়েন। সৌভাগ্যবশত, ট্রেনের গতি কম থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি এবং কেউ গুরুতর আহত হননি।
ঘটনাটি ঘটে তেলঙ্গানার যাদদ্রী ভুবনগিরি জেলার আলের স্টেশনের কাছে। জানা গিয়েছে, ট্রেনটি স্টেশনে ঢোকার আগেই এস-৫ কোচ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। প্রথমে যাত্রীরা বিষয়টি বুঝতে পারেননি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কোচের ভিতর ধোঁয়ায় ভরে যায়। পোড়া গন্ধ পেয়ে যাত্রীরা আতঙ্কিত হয়ে ওঠেন। চিৎকার-চেঁচামেচিতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
Advertisement
পরিস্থিতির গুরুত্ব বুঝে যাত্রীরা লোকো পাইলটকে সতর্ক করেন। সঙ্গে সঙ্গে ট্রেনটি থামানো হয়। এরপর দ্রুত ওই কোচ থেকে যাত্রীদের সরিয়ে আনা হয়। তবে ততক্ষণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো কোচটি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে রেলের আধিকারিক, ইঞ্জিনিয়ার এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছান। দমকল বাহিনীও এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
Advertisement
এক যাত্রীর মতে, যদি এই ঘটনা মাঝপথে ঘটত, তাহলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। তবে দ্রুত পদক্ষেপের ফলে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
Advertisement



