• facebook
  • twitter
  • youtube
Friday, 31 July, 2026

দেশে ফের নিপা ভাইরাসের আতঙ্ক, জারি সতর্কতা

কেরলের স্বাস্থ্য দপ্তর ৭৭ জনকে শনাক্ত করেন।

দেশে ফের নিপা ভাইরাসের আতঙ্ক, জারি সতর্কতা

দেশে ফের ফিরল নিপা ভাইরাসের আতঙ্ক। কেরালার কোঝিকোড়ে এক বাসিন্দার শরীরে নিপা ভাইরাসের খোঁজ মিলেছে। ৪৩ বছর বয়সি ওই ব্যক্তি বর্তমানে কোঝিকোড়ের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তিনি কোয়ারানটাইনে রয়েছেন। তাঁর রিপোর্ট পজিটিভ আসার পরেই রাজ্য প্রশাসন সতর্কতা বাড়িয়েছে।

সূত্রের খবর, আক্রান্ত ব্যক্তি অনেক মানুষের সংস্পর্শে এসেছিলেন বলে স্বাস্থ্য আধিকারিকরা আগেই মনে করেছিলেন। এরপরেই কেরলের স্বাস্থ্য দপ্তর নড়েচড়ে বসে। গত কয়েকদিনে সংক্রমিত ব্যক্তির যারা সংস্পর্শে এসেছে, তাদেরকে শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়। তারপরেই কেরলের স্বাস্থ্য দপ্তর ৭৭ জনকে শনাক্ত করেন।

জানা গিয়েছে, যে ৭৭ জনকে শনাক্ত করা হয়েছে, তাঁদেরকে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জন রোগীর পরিবারের সদস্য ও পাঁচজন ওই ব্যক্তির বন্ধু-সহযোগী ছাড়াও ৫৮ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। তবে তাঁদের কারও মধ্যে এখনও পর্যন্ত নিপার উপসর্গ দেখা যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে পশ্চিমবঙ্গে দুজন নার্সের শরীরে নিপা ভাইরাসের হদিশ মিলেছিল। সেই সময়ে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছিল। তবে অন্য একজন নার্স বর্তমানে সুস্থ রয়েছেন। এর মধ্যে কেরলে নতুন করে নিপা ভাইরাসের সংক্রমণ খুঁজে পাওয়ায় ফের দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি হল।