• facebook
  • twitter
  • youtube
Tuesday, 30 June, 2026

মহিলাদের বিনামূল্যে বেসরকারি বাসে ভ্রমণে বাস অপারেটরদের রাজস্বে ক্ষতি, কেরলে আন্দোলনের হুঁশিয়ারি

বেসরকারি বাস মালিকদের অভিযোগ, সরকারি বাসের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় তাঁদের ব্যবসা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে

মহিলাদের বিনামূল্যে বেসরকারি বাসে ভ্রমণে বাস অপারেটরদের রাজস্বে ক্ষতি,  কেরলে আন্দোলনের হুঁশিয়ারি

মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালুর পর কেরলে বিপাকে পড়েছেন বেসরকারি বাস মালিকরা। তাঁদের দাবি, অধিকাংশ মহিলা যাত্রীই এখন সরকারি বাসে যাতায়াত করছেন। ফলে যাত্রী সংখ্যা ও আয় ২টিই উল্লেখযোগ্যভাবে কমেছে। এই পরিস্থিতিতে তাঁদের প্রচুর ক্ষতি হচ্ছে। এর প্রতিবাদে আগামী ২০ জুলাই থেকে রাজ্য সচিবালয়ের সামনে অনির্দিষ্টকালের বিক্ষোভের ডাক দিয়েছে বেসরকারি বাস অপারেটরদের সংগঠন।

কংগ্রেস সরকারের ‘প্রিয়দর্শিনী’ প্রকল্পের আওতায় কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বা কেএসআরটিসির ৩ হাজার ১২৫টি সাধারণ বাসে মহিলা ও ট্রান্সজেন্ডারদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ দেওয়া হয়েছে। সরকারের দাবি, এই প্রকল্প চালু হওয়ার পর প্রতিদিন প্রায় ৫ লক্ষ অতিরিক্ত মহিলা সরকারি বাসে ভ্রমণ করছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পে রাজ্যের মাসিক খরচ প্রায় ৭০ কোটি টাকা, অর্থাৎ বছরে প্রায় ৮০০ কোটি টাকা।

তবে বেসরকারি বাস মালিকদের অভিযোগ, সরকারি বাসের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় তাঁদের ব্যবসা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক রুটে আয় এতটাই কমে গিয়েছে যে কর্মীদের বেতনও কমাতে হয়েছে। পালাক্কাড়ের কয়েকজন কর্মীর অভিযোগ চালক ও কন্ডাক্টরদের দৈনিক মজুরি নেমে এসেছে ৬০০ টাকায়। এই পরিস্থিতিতে ২০ থেকে ২৪ জুলাই পর্যন্ত প্রতিদিন দু’টি জেলার বাস মালিকরা বিক্ষোভে অংশ নেবেন। ২৫ জুলাই বৃহত্তর আন্দোলনেরও পরিকল্পনা রয়েছে।

কেরলের পরিবহণমন্ত্রী সিপি জন সমস্যার কথা স্বীকার করে জানিয়েছেন, সরকার বাস মালিকদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি বলেন, বেসরকারি বাসের মোটরযান কর ইতিমধ্যেই ৫৯ শতাংশ কমানো হয়েছে। পাশাপাশি বিজ্ঞাপনের মতো অতিরিক্ত আয়ের উৎস খুঁজে দেখারও পরামর্শ দিয়েছেন তিনি।