• facebook
  • twitter
Thursday, 12 March, 2026

জম্মুতে বিয়ের অনুষ্ঠানে ফারুক আবদুল্লার উপর গুলি চালানোর চেষ্টা

অল্পের জন্য রক্ষা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লার উপর গুলি চালানোর চেষ্টা। বিষয়টি নিয়ে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জম্মুতে। একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার সময় এক ব্যক্তি তাঁর দিকে গুলি চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। তবে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জম্মুর গ্রেটার কৈলাস এলাকার রয়্যাল পার্কে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ফারুক আবদুল্লা। তাঁর সঙ্গে ছিলেন জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। সেই সময় আচমকাই এক ব্যক্তি খুব কাছ থেকে তাঁর দিকে গুলি চালানোর চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তারক্ষীরা দ্রুত ব্যবস্থা নিয়ে হামলার চেষ্টা ব্যর্থ করে দেন।

Advertisement

জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, হামলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম কমল সিং। তিনি জম্মুর পুরানি মান্ডি এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জম্মুর গ্রেটার কৈলাসের রয়্যাল পার্কে একটি বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। সেই সময় তাঁর প্রাণনাশের চেষ্টা করা হয়। তবে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা জম্মু ও কাশ্মীর পুলিশ এবং জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত পদক্ষেপ করে হামলার চেষ্টা ভেস্তে দেন। অভিযুক্ত কমল সিংকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

ঘটনার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে এবং বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, অল্পের জন্য বড় বিপদ এড়িয়েছেন তাঁর বাবা। তিনি বলেন, ‘আল্লাহর কৃপায় আমার বাবা বেঁচে গিয়েছেন। ঘটনাটি খুবই উদ্বেগজনক। একজন ব্যক্তি কী ভাবে ভরা পিস্তল নিয়ে এতটা কাছাকাছি পৌঁছে গুলি চালাতে পারল, তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে।’ তিনি আরও বলেন, জেড প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও কী ভাবে ওই ব্যক্তি এতটা কাছে পৌঁছে গেল, তা খতিয়ে দেখা প্রয়োজন। নিরাপত্তায় কোনও ত্রুটি ছিল কি না, সেটিও তদন্তে দেখা হবে বলে ইঙ্গিত দেন তিনি।

এদিকে ঘটনাস্থলের একটি নজরদারি চিত্রও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, ফারুক আবদুল্লা এবং সুরিন্দর চৌধুরীকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। সেই সময় পিছন দিক থেকে দ্রুত এগিয়ে এসে এক ব্যক্তি তাঁর দিকে অস্ত্র তাক করে গুলি চালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা ঝাঁপিয়ে পড়ে তাকে আটকে দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাকেশ সিং জানান, তিনি ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁর দাবি, অভিযুক্ত ব্যক্তি আচমকাই ফারুক আবদুল্লার পিঠের দিকে অস্ত্র তাক করে গুলি চালায়, তবে লক্ষ্যভ্রষ্ট হয়। তিনি বলেন, ‘সবাই তখন অনুষ্ঠানে ব্যস্ত ছিল। হঠাৎ একজন ব্যক্তি এসে ডাক্তার সাহেবের পিঠের দিকে রিভলভার তাক করে গুলি চালায়। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তারপরই উপস্থিত লোকজন তাকে ধরে ফেলে।’

ঘটনাস্থলে উপস্থিত জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের বিধায়ক আজাজ আহমেদ জান জানান, হামলাকারীকে সঙ্গে সঙ্গেই কাবু করা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁর কথায়, ‘ডাক্তার সাহেব অনুষ্ঠানে ছিলেন। আমরা সবাই তখন বেরোচ্ছিলাম। সেই সময় একজন ব্যক্তি খুব দ্রুত এসে তাঁর পিঠের দিকে অস্ত্র তাক করে গুলি চালায়। কিন্তু গুলি লাগেনি। সঙ্গে সঙ্গে আমরা তাকে ধরে ফেলি এবং অস্ত্রটি কেড়ে নিই।’

এই ঘটনার পর জম্মুর দক্ষিণ এলাকার পুলিশ আধিকারিক অজয় শর্মা ফারুক আবদুল্লার বাড়িতে পৌঁছন। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। কী কারণে এই হামলার চেষ্টা করা হয়েছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement