• facebook
  • twitter
  • youtube
Wednesday, 4 November, 2026

রেললাইনে বিস্ফোরণে চাঞ্চল্য রাজস্থানে, নাশকতার আশঙ্কা খতিয়ে দেখছে পুলিশ

রেলসূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের প্রায় ৪৫ মিনিট আগেই ওই লাইন দিয়ে একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করেছিল। ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়

রেললাইনে বিস্ফোরণে চাঞ্চল্য রাজস্থানে, নাশকতার আশঙ্কা খতিয়ে দেখছে পুলিশ

Image Source AI

ভারত-পাকিস্তান সীমান্ত লাগোয়া রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় রেললাইনে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার গভীর রাতে অনুপগড় ও সুরতগড়ের মধ্যে রেললাইনে জোরালো বিস্ফোরণ ঘটে।  ক্ষতিগ্রস্ত হয় রেলপথের একাধিক স্লিপার। ঘটনার পরই ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রাথমিকভাবে নাশকতার আশঙ্কা করা হলেও বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের আওয়াজ প্রায় ২০০ মিটার দূর থেকেও শোনা যায়। বিস্ফোরণের তীব্রতায় রেললাইনের নীচে গর্ত হয়ে যায়। দু’টি কংক্রিটের স্লিপার ভেঙে ভিতরের লোহার রড বেরিয়ে পড়ে। রেলসূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের প্রায় ৪৫ মিনিট আগেই ওই লাইন দিয়ে একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করেছিল। ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে ফের এনকাউন্টার! ট্রাকের চাকায় পিষে মৃত্যু পুলিশ অফিসারের, ধৃত চালক-সহ দু’জনকে পুলিশের গুলি

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সন্ত্রাসদমন শাখা, সিআইডি, রেল সুরক্ষা বাহিনী এবং ডগ স্কোয়াড। আরও কোনও বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে কি না খতিয়ে দেখা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীগঙ্গানগরের পুলিশ সুপার হরিশঙ্করও। পুলিশ সুপার জানিয়েছেন, ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।

বম্ব ডিসপোজাল স্কোয়াডের সাহায্যেও ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। বিশেষজ্ঞদের পরীক্ষার পরেই নিশ্চিত হওয়া যাবে ঠিক কী কারণে রেললাইনের স্লিপারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনই এর সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ রয়েছে বলে নিশ্চিত করে কিছু বলতে নারাজ পুলিশ।

কয়েকদিন আগে রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় প্রায় সাড়ে সাত কেজি আরডিএক্স উদ্ধার হয়েছিল। তবে রেললাইনে বিস্ফোরণের ঘটনার সঙ্গে ওই উদ্ধারের কোনও যোগসূত্র নেই বলে জানিয়েছেন পুলিশ সুপার। 

এদিকে, ঘটনার পর অনুপগড়-সুরতগড় শাখায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। তদন্ত এবং যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে বুধবার একাধিক যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে।  

দেখুন: