• facebook
  • twitter
  • youtube
Friday, 31 July, 2026

ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, মৃত বেড়ে ২৪

বাকি আহতদের অবস্থাও আশঙ্কাজনক

ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, মৃত বেড়ে ২৪

ছত্তিশগড়ের শক্তি জেলার সিংহিতারাই গ্রামের বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪। রবিবার রায়গড় মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ঝাড়খন্ডের শ্রমিক মনীশ কুমারের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট ৩৬ জন শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হন। এখনও হাসপাতালে ভর্তি থাকা কয়েকজনের মধ্যে তিন জনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে। বর্তমানে ১২ জন শ্রমিকের চিকিৎসা চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বয়লার থেকে টারবাইনে উচ্চচাপের বাষ্প বহনকারী পাইপে বিস্ফোরণ ঘটে। মুখ্য বয়লার পরিদর্শকের প্রাথমিক রিপোর্টে একাধিক গাফিলতির ইঙ্গিত মিলেছে। অতিরিক্ত জ্বালানি জমে চাপ বেড়ে যাওয়ার কারণেই এই বিস্ফোরণ ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে।

ঘটনার পর তদন্তে নেমেছে প্রশাসন ও কেন্দ্রীয় সংস্থাগুলি। ১৮ এপ্রিল কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনীর আট সদস্যের একটি দল বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে গত ১৪ দিনের উৎপাদন সংক্রান্ত নথি খতিয়ে দেখে। পাশাপাশি গত এক মাসে প্রযুক্তিগত সমস্যার কারণে কত বার কাজ বন্ধ হয়েছে, সেই তথ্যও সংগ্রহ করা হয়েছে।

সূত্রের খবর, গত এক বছরে একাধিক বার প্রযুক্তিগত গোলযোগের সম্মুখীন হয়েছিল এই কেন্দ্র। দুর্ঘটনার মাত্র ১০ দিন আগেও অল্প সময়ের জন্য উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। তদন্তকারী দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে এবং সংস্থার কর্তৃপক্ষ, কর্মী ও আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে। প্রশাসনের দাবি, চূড়ান্ত রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে না।

এই ঘটনা ফের শিল্প ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।