শনিবার যন্তর মন্তরে (Jantar Mantar) বিক্ষোভ চলাকালীন তিন মহিলা সাংবাদিকের উপর যৌন হেনস্থার অভিযোগ ওঠে। অভিযুক্ত দিল্লি পুলিশের এসিপি বিবেকের বিরুদ্ধে এফআইআর দায়েরে দাবিতে সোমবারও উত্তপ্ত হয়ে উঠল রাজধানী দিল্লি। পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে বিক্ষোভ দেখান একাধিক ব্যক্তি। এদিন ১৮ জন বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ। আটকদের মধ্যে রয়েছেন সাংবাদিক, যিনি এসিপির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন।
আরও পড়ুন: নির্বাচন কমিশন আইনানুগ সিদ্ধান্ত না নিয়ে থাকলে বাতিল করা হবে, নোটিস সুপ্রিম কোর্টের
যন্তর মন্তরে (Jantar Mantar) খবর সংগ্রহ করতে গিয়ে তিন মহিলা সাংবাদিক যৌন হেনস্থার শিকার হন। তাঁদের অভিযোগের তির ছিল দিল্লি পুলিশের এসিপি বিবেকের দিকে। ঘটনার পর শনিবার রাত থেকেই পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে বিক্ষোভ শুরু হয়। রবিবার রাতেও থানার সামনে অবস্থান-বিক্ষোভ চলে। সোমবার সকালে সেখানে জমায়েত হওয়া বিক্ষোভকারী ও কয়েক জন সাংবাদিককে পুলিশ আটক করে নিয়ে যায়। অভিযোগকারিণীকেও আটক করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের অভিযোগ, বিক্ষোভকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করতেই পুলিশ ধরপাকড়ের পথে হাঁটছে। রবিবারও এসিপির বিরুদ্ধে এফআইআর দায়েরে দাবিতে পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে বিক্ষোভ দেখায় ককরোচ জনতা পার্টি (CJP)। দলের নেতা সৌরভ দাসের অভিযোগ, অভিযোগকারিণীর ও তাঁর আইনজীবীরা উপস্থিত থাকা সত্ত্বেও পুলিশ তাঁদের সঙ্গে কথা বলেনি। পরে এসিপির বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি নিয়ে থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন সৌরভ দাস (CJP) এবং সিপিএম নেত্রী বৃন্দা কারাট। কিন্তু তার পরেও এফআইআর দায়ের করা হয়নি বলে অভিযোগ। সিজেপির (CJP) দাবি, অভিযুক্ত পুলিশ আধিকারিককে আড়াল করার চেষ্টা করছে দিল্লি পুলিশ।
অন্যদিকে, এই ঘটনাকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশের উপর রাজনৈতিক চাপ বাড়িয়েছে কংগ্রেসও। রবিবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা সমাজমাধ্যমে অভিযোগ করেন, যে পুলিশের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা দেওয়া, সেই পুলিশের বিরুদ্ধেই এখন মহিলাদের নিরাপত্তাহীনতার অভিযোগ উঠছে। কলেজপড়ুয়া থেকে সাংবাদিক-বিভিন্ন ক্ষেত্রেই মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তিনি প্রশ্ন তুলেছেন, মহিলাদের সঙ্গে কি এ ধরনের আচরণ করা উচিত?
দেখুন:




