• facebook
  • twitter
  • youtube
Friday, 31 July, 2026

পরীক্ষার্থীদের জন্য সুখবর, বাড়ানো হল সিবিএসই-র পুনর্মূল্যায়নের আবেদনের সময়সীমা

সিবিএসই চলতি বছরে এই বিশেষ পোর্টাল চালু করেছে।

পরীক্ষার্থীদের জন্য সুখবর, বাড়ানো হল সিবিএসই-র পুনর্মূল্যায়নের আবেদনের সময়সীমা

দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য সুখবর। উত্তরপত্র যাচাই এবং পুনর্মূল্যায়নের আবেদনের সময়সীমা একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। নতুন সূচি অনুযায়ী, পড়ুয়ারা ৭ জুন অর্থাৎ আজ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন জানাতে পারবেন। আগে এই সময়সীমা ছিল ৬ জুন অর্থাৎ শনিবার রাত ১২টা পর্যন্ত।

সিবিএসই এক বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষার্থীদের স্বার্থে এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। যাতে কেউ প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন করার সুযোগ না হারান। বোর্ড সব পরীক্ষার্থীকে এই সংশোধিত সময়ের মধ্যে দ্রুত আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দিয়েছে।

সিবিএসই চলতি বছরে এই বিশেষ পোর্টাল চালু করেছে। এই পোর্টালের মাধ্যমে পরীক্ষার্থীরা স্ক্যান করা উত্তরপত্র দেখতে পারবেন। সেইসঙ্গে নম্বর যাচাইয়ের পাশাপাশি কোনওরকম সন্দেহ থাকলে পুনর্মূল্যায়নের জন্যও আবেদন জানাতে পারবেন। উত্তরপত্রে কোনও অসঙ্গতি থাকলে পরীক্ষার্থী সেই অভিযোগও এই পোর্টালের মাধ্যমে জানাতে পারবে।

এছাড়াও এই পোর্টালে উত্তরপত্রের কোনও পৃষ্ঠা বাদ পড়া, গ্রাফ পেপার যুক্ত না থাকা ও ভুল উত্তরপত্র আপলোডের মতো বিষয়েও অভিযোগ করা যাবে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ৪ জুন পর্যন্ত মোট ৭০ হাজার ৪৩৩টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৭ হাজার ৩১৪টি নম্বর যাচাইয়ের জন্য এবং ৬৩ হাজার ১১৯টি পুনর্মূল্যায়নের জন্য করা হয়েছে।

প্রসঙ্গত, সিবিএসই দ্বাদশের ফল প্রকাশের পরে ২ জুন থেকে চালু হওয়া পুনর্মূল্যায়ন পোর্টালে প্রবেশ করতে গিয়ে বহু পরীক্ষার্থীকে সমস্যায় পড়তে হয়। আধার যাচাই, অনলাইন পেমেন্ট, স্ক্যান করা উত্তরপত্র দেখা এবং আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তি সংক্রান্ত জটিলতার অভিযোগ ওঠে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।