• facebook
  • twitter
Saturday, 14 February, 2026

ইরফান হাবিবের দিকে ছোঁড়া হল জলভর্তি বালতি ও ডাস্টবিন

দিল্লি বিশ্ববিদ্যালয়ে হেনস্থা ইতিহাসবিদকে, অভিযোগের আঙুল এবিভিপি-র দিকে

বিশ্ববিদ্যালয়ে সাহিত্য উৎসব চলাকালীন প্রবীণ ইতিহাসবিদ ইরফান হাবিবের দিকে জলভর্তি বালতি ছুঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। বুধবার বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিক এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখার সময় এই ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, নবতিপর ইতিহাসবিদ এস ইরফান হাবিব গেট নম্বর ৪-এর কাছে বক্তব্য রাখার সময় তাঁর দিকে জলভর্তি একটি বালতি ছুঁড়ে দেওয়া হচ্ছে।

ঘটনাটি ঘটে দিল্লি বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত ‘পিপল্‌স লিটারেচার ফেস্টিভ্যাল: সমতা উৎসব’-এ। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আমন্ত্রিত ছিলেন প্রখ্যাত ইতিহাসবিদ ইরফান হাবিব। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বক্তৃতা চলাকালীন আচমকাই বিশৃঙ্খলা তৈরি হয়। অভিযোগ, অজ্ঞাতপরিচয় কেউ তাঁর দিকে জলভর্তি একটি বালতি ছুড়ে দেয় এবং পরে একটি ডাস্টবিনও নিক্ষেপ করা হয়। বালতিটি কিছুটা দূরে গিয়ে পড়লেও জল ছিটকে প্রবীণ শিক্ষাবিদ ভিজে যান।

Advertisement

এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ছাত্র সংগঠন আইসা। সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে, অনুষ্ঠান ভন্ডুল করে দেওয়ার উদ্দেশ্য নিয়েই এবিভিপি–র সদস্যরা পরিকল্পিতভাবে এই হামলা চালায়। যদিও অভিযুক্ত সংগঠন এবিভিপি এই অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছে।

Advertisement

সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় হাবিব জানান, তিনি যখন বিশ্ববিদ্যালয় চত্বরে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন, সেই সময় প্রাচীরের ওপার থেকে বালতিটি ছোঁড়া হয়। বালতিটি তাঁর গায়ে না লাগলেও জল এসে পড়ে। কয়েক সেকেন্ডের জন্য তিনি হতবাক হয়ে যান এবং বলেন, বালতিতে অন্য কিছু—এমনকি পাথরও—থাকতে পারত, যা বিপজ্জনক হয়ে উঠতে পারত। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় হল সেই জায়গা, যেখানে নানা মতামত আসবে। সমালোচনা হতে পারে। কিন্তু সমস্ত মতামতকেই সম্মান জানানো উচিত।’ ঘটনাটিকে নজিরবিহীন বলে উল্লেখ করে তিনি বলেন, অতীতে বহুবার বিশ্ববিদ্যালয়ে এসে বক্তব্য রাখলেও এই ধরনের পরিস্থিতির মুখে কখনও পড়েননি। সাম্প্রতিক সময়ে পরিবেশ অনেকটাই বদলে গেছে।

আইসা এক বিবৃতিতে ঘটনাটিকে পরিকল্পিত ও হিংসাত্মক প্রচেষ্টা বলে দাবি করেছে। ঘটনার প্রতিবাদে আইসা নতুন করে কর্মসূচির ডাক দিয়েছে। বিভিন্ন মহল থেকেও এই হামলার নিন্দা জানানো হয়েছে।

Advertisement