ভোটগণনার ঠিক আগের দিন দলীয় প্রস্তুতি খতিয়ে দেখতে বড়সড় বৈঠক করল ভারতীয় জনতা পার্টি। রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়াল মাধ্যমে দলের প্রার্থী, সাংসদ, রাজ্য নেতৃত্ব ও জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে মূলত ভোটগণনার দিন কীভাবে সমন্বয় রক্ষা করা হবে, বুথভিত্তিক নজরদারি, গণনা কেন্দ্রের প্রস্তুতি এবং ফল ঘোষণার পর সাংগঠনিক কৌশল— এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
Advertisement
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া। জেলা ভিত্তিক পরিস্থিতির খোঁজ নেওয়ার পাশাপাশি স্থানীয় নেতৃত্বকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। গণনা এজেন্ট ও নির্বাচন প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।
Advertisement
আসামের ১২৬টি বিধানসভা আসনের ফল ঘোষণা সোমবার সকাল থেকেই শুরু হবে। নির্বাচন কমিশনের নিয়ম মেনে প্রথমে ডাক ভোট গণনা করা হবে, তারপর ধাপে ধাপে ইভিএমের ভোট গণনা হবে।
এই নির্বাচনে শাসক বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরার লক্ষ্যে লড়ছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটও শক্ত প্রতিদ্বন্দ্বিতার দাবি করছে।
একাধিক সমীক্ষায় ইতিমধ্যেই বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। অনেক সমীক্ষাতেই বলা হয়েছে, দলটি এককভাবে ৮০টির বেশি আসন পেতে পারে। উল্লেখ্য, সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬৪টি আসন।
যদি এই পূর্বাভাস সত্যি হয়, তবে আসামে বিজেপির জন্য এটি হবে আরও এক বড় জয় এবং হিমন্ত বিশ্ব শর্মা-র নেতৃত্ব আরও মজবুত হবে। ২০২১ সালের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট ৭৫টি আসন জিতে ক্ষমতা ধরে রেখেছিল।
এবারও একই ধরনের ফলাফল হবে কি না, তা জানতে এখন সকলের নজর চূড়ান্ত গণনার দিকে।
Advertisement



