ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এল অন্ধ্রপ্রদেশে। একটি বেসরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই টিপার ট্রাকের সংঘর্ষের পর মুহূর্তে আগুন ধরে যায় বাসে। ঘটনায় অন্তত ১৪ জন যাত্রী জীবন্ত পুড়ে মারা গিয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। দুর্ঘটনাটি ঘটেছে মারকাপুরম এলাকার রায়াভরমের কাছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ছ’টা নাগাদ একটি পাথর খাদানের কাছে বাসটির সঙ্গে টিপার ট্রাকের ধাক্কা লাগে। সংঘর্ষের পরই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে এবং খুব অল্প সময়ের মধ্যে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। বাসে মোট ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
Advertisement
দুর্ঘটনার পর আতঙ্কিত যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন কোনওক্রমে বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। বাকিরা আগুনে আটকে পড়েন। আহত ১৫ জনকে দ্রুত মারকাপুরম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
Advertisement
জানা গিয়েছে, বাসটি হায়দরাবাদ থেকে প্রকাশম জেলার পামুরু যাচ্ছিল। যাত্রীদের অধিকাংশই কানিগিরি ও পামুরু এলাকার বাসিন্দা। অন্যদিকে, টিপার ট্রাকটি চিমাকুর্থি থেকে মারকাপুরমের দিকে যাচ্ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। আগুন নেভাতে তিনটি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়। দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধারকাজে স্থানীয় মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দেন।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি প্রশাসনের সঙ্গে কথা বলে আহতদের দ্রুত ও সঠিক চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পুরো ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
এই দুর্ঘটনায় মৃতদের পরিবারগুলির প্রতি সমবেদনা জানানো হয়েছে প্রশাসনের তরফে। একইসঙ্গে আহতদের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে।
Advertisement



