• facebook
  • twitter
  • youtube
Friday, 3 July, 2026

অমরাবতীতে আত্মঘাতী পুলিশকর্মী, সার্ভিস পিস্তলেই গুলি, তদন্তে পুলিশ

অমরাবতীতে ডিউটির পর দপ্তরের ভিতরেই সার্ভিস পিস্তল দিয়ে আত্মঘাতী পুলিশকর্মী, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অমরাবতীতে আত্মঘাতী পুলিশকর্মী, সার্ভিস পিস্তলেই গুলি, তদন্তে পুলিশ

প্রতীকী চিত্র

মহারাষ্ট্রের অমরাবতীতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ডিউটি শেষের পর দপ্তরের ভিতরেই নিজের সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক পুলিশকর্মী। মৃতের নাম বিজয় দিলীপ নাগপুরে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পুলিশ মহলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৫ বছর বয়সি এই কনস্টেবল র‍্যাপিড অ্যাকশন ফোর্সের বিশেষ টিমে কর্মরত ছিলেন। বুধবার রাতভর ডিউটি করার পর বৃহস্পতিবার সকালে দায়িত্ব শেষ হয় তাঁর। তবে দপ্তর থেকে বাড়ি ফেরার বদলে সেখানেই থেকে যান। এর কিছুক্ষণের মধ্যেই এই চরম সিদ্ধান্ত নেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাঁর সহকর্মীরাই প্রথম ঘটনাটি টের পান। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন আধিকারিকদের খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, ফরেন্সিক দল ও গোয়েন্দা কুকুরের বাহিনীও ঘটনাস্থল খতিয়ে দেখেছে। প্রাথমিক তদন্তে একটি গুলি উদ্ধার হয়েছে। ঠিক কী কারণে এই আত্মঘাতী পদক্ষেপ, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনার কিছুক্ষণ আগে নিজের ভাইকে ফোন করেছিলেন ওই কনস্টেবল। স্বাভাবিক কথাবার্তাই হয়েছিল বলে জানা যাচ্ছে। সেই ফোনালাপই তাঁর শেষ যোগাযোগ বলে মনে করা হচ্ছে।

এই ঘটনায় পুলিশকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া দেখা দিয়েছে। সহকর্মীরা জানিয়েছেন, তিনি শান্ত স্বভাবের মানুষ ছিলেন। ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনার প্রতিটি দিক খুঁটিয়ে দেখা হচ্ছে। কোনও দিকই বাদ দেওয়া হচ্ছে না। খুব শীঘ্রই এই ঘটনার আসল কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।