• facebook
  • twitter
  • youtube
Wednesday, 2 September, 2026

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আকৃতি চৌধুরীকে ‘বানানো গল্পের’ ভিত্তিতে ৫ মাস জেলে রাখা হয়েছে, সব অভিযোগ খারিজ করে রাজ্যকে হাইকোর্টের তোপ

নয়ডা মজদুর আন্দোলন মামলায় আকৃতি চৌধরীর NSA হেফাজত খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট, রাজ্যের বয়ানকে বলল বানানো গল্প। বিশদে পড়ুন।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আকৃতি চৌধুরীকে ‘বানানো গল্পের’ ভিত্তিতে ৫ মাস জেলে রাখা হয়েছে, সব অভিযোগ খারিজ করে রাজ্যকে হাইকোর্টের তোপ

DU scholar Akriti Chaudhuri (Created using generative AI)

নয়ডায় শ্রমিক আন্দোলনে (Noida workers’ protest) অংশ নেওয়ার অপরাধে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আকৃতি চৌধুরীকে গ্রেপ্তার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। তাঁর বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে (NSA) মামলা রুজু হয়। যার জেরে জেলবন্দি ছিলেন ২৫ বছরের এই ইতিহাসের ছাত্রী। অবশেষে এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court) তাঁকে মুক্তি দিল। এবং এই মামলায় বড় ধাক্কা খেল উত্তরপ্রদেশ প্রশাসন। হাইকোর্টের ডিভিসন বেঞ্চ আকৃতির বিরুদ্ধে দায়ের সব মামলা খারিজ করে দিয়ে তাঁকে কারামুক্ত করার নির্দেশ দিয়েছে। হাইকোর্টের পর্যবেক্ষণ, রাজ্যের সব অভিযোগই বানানো। যার সঙ্গে সত্যের তেমন কোনও যোগাযোগ নেই।

কী ঘটেছিল এপ্রিলে

চলতি বছরের ১০ এপ্রিল থেকে নয়ডার একাধিক কারখানায় বেতনবৃদ্ধির দাবিতে শুরু হয়েছিল শ্রমিক আন্দোলন। ১৩ এপ্রিল সেই বিক্ষোভ হিংসাত্মক চেহারা নেয়। সম্পত্তি ভাঙচুরের অভিযোগে সাড়ে তিনশোরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই কারখানার এক শ্রমিক মনীষা ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার আদিত্য আনন্দের সঙ্গে আটক করা হয় আকৃতিকেও। পরে ১৩ মে উত্তরপ্রদেশ পুলিশ তাঁর বিরুদ্ধে চাপায় জাতীয় সুরক্ষা আইন, অভিযোগ ওঠে হিংসা ও অগ্নিসংযোগে প্ররোচনা দেওয়ার। পুলিশের দাবি ছিল, তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি বই তাঁর মতাদর্শের প্রমাণ। আকৃতি ও প্রাক্তন সাংবাদিক সত্যম বর্মা, দু’জনেই ছিলেন মজদুর বিগুল দস্তা নামে একটি শ্রমিক সংগঠনের সদস্য।

হাইকোর্টে যা উঠে এল

আকৃতির হয়ে হেবিয়াস কর্পাস (habeas corpus) আবেদন করেছিলেন সিনিয়র আইনজীবী কলিন গঞ্জালভেস। বিচারপতি অতুল শ্রীধরন ও বিচারপতি অচল সচদেবের ডিভিশন বেঞ্চ শুনানিতে দেখে, গ্রেপ্তারের সময় ও বিএনএসএস (BNSS) ১৩০ ধারায় নোটিস জারির প্রক্রিয়ায় একাধিক গরমিল রয়েছে। জেনারেল ডায়েরির (General Diary) নথি ঘেঁটে আদালতের পর্যবেক্ষণ, নোটিস তৈরির আগেই আকৃতিকে গ্রেপ্তার করে ফেলেছিল পুলিশ। এই অসঙ্গতি সামনে আসতেই আদালত মন্তব্য করে, রাজ্যের গোটা বয়ানটাই একটি বানানো গল্প বা কনকক্টেড স্টোরি (concocted story)। সেই সূত্রেই জেল হেফাজতের নির্দেশ খারিজ করে অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়া হয়। আদালত এই নির্দেশের পাশাপাশি গৌতমবুদ্ধ নগরের জেলাশাসক মেধা রূপমের ব্যক্তিগত বেতন থেকে আকৃতিকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এই মেধা রূপম আবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মেয়ে।

রাজনৈতিক তাৎপর্য

জাতীয় সুরক্ষা আইন এমন একটি আইন, যার আওতায় বিচার ছাড়াই কোনও ব্যক্তিকে এক বছর পর্যন্ত আটক রাখা যায়। বিরোধী আইনজীবীদের দীর্ঘদিনের অভিযোগ, উত্তরপ্রদেশে বিক্ষোভ দমনের নামে এই আইনকে ব্যবহার করা হয় দীর্ঘমেয়াদি হেফাজতের হাতিয়ার হিসেবে। এটা আসলে রাজনৈতিক অস্ত্র। প্রকৃত অপরাধের প্রমাণ ছাড়াই বিরুদ্ধমতের কণ্ঠরোধ করতে এই আইন নিয়ে যথেচ্ছাচার করছে সরকার। এর আগেও রাজ্যে জাতীয় সুরক্ষা আইনের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এলাহাবাদ হাইকোর্ট। আকৃতির ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ওঠা ‘বানানো গল্প’ মন্তব্যটি তাই শুধু একটি মামলার রায় নয়, বরং রাজ্যের প্রতিবাদ-দমন নীতির উপরেও প্রশ্ন তুলে দিল বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সত্যম বর্মার বিরুদ্ধেও একই আইনে চলা মামলার শুনানি এখনও চলছে, যাঁর স্ত্রী শাকম্ভরী পৃথক হেবিয়াস কর্পাস আবেদন দাখিল করেছিলেন।