• facebook
  • twitter
  • youtube
Tuesday, 30 June, 2026

মুম্বাইয়ে স্কুলবাসের উপর গাছ ভেঙে পড়ে পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু, আহত কমপক্ষে ১০

ওই স্কুলবাসে মোট ১৩ জন পড়ুয়া ছিল। বিশাল আকারের গাছ ভেঙে পড়ায় বাসটি দুমড়ে মুচড়ে যায়। ওই বাসের ভিতরে এক পড়ুয়া আটকে পড়ে

মুম্বাইয়ে স্কুলবাসের উপর গাছ ভেঙে পড়ে পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু, আহত কমপক্ষে ১০

মুম্বাইয়ের চেম্বুর এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাল এক স্কুলপড়ুয়া। মঙ্গলবার দুপুরে একটি বড় গাছ ভেঙে স্কুলবাসের উপর পড়ে যায়। এই দুর্ঘটনায় এক পড়ুয়ার মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। তাদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। ঝড়বৃষ্টির দাপটেই এমন ঘটনা ঘটেছে বলে খবর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল এবং পুলিশ। তারা গাছ সরিয়ে সকলকে উদ্ধার করে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে পুলিশ সূত্রে খবর, ওই স্কুলবাসে মোট ১৩ জন পড়ুয়া ছিল। বিশাল আকারের গাছ ভেঙে পড়ায় বাসটি দুমড়ে মুচড়ে যায়। ওই বাসের ভিতরে এক পড়ুয়া আটকে পড়ে। জরুরি ভিত্তিতে তাকে উদ্ধার করে উদ্ধারকারী দল। ক্রেন দিয়ে ওই বিশাল আকারের গাছ সরানোর হয়। এই দুর্ঘটনাটি ঘটে চেম্বুরের ১১ নম্বর রোডে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ গাছটি তিলক নগরের ইউনিভার্সাল স্কুলের বাসের উপর ভেঙে পড়ে। প্রচণ্ড শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করেন।

অন্যদিকে গাছ কেটে সরিয়ে বাসের ভিতরে আটকে পড়া শিশুদের একে একে বাইরে বের করে আনা হয়। কিন্তু ১১ বছর বয়সের বিহান শ্রীবাস্তব গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে। ওই এলাকার গাছগুলির রক্ষণাবেক্ষণের জন্য বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বারবার চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু কাজ হয়নি বলে অভিযোগ। বারবার সতর্ক করা সত্ত্বেও পুরসভা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এই অভিযোগ অস্বীকার করেছেন পুর কর্তৃপক্ষ।

তাছাড়া কী কারণে গাছটি ভেঙে পড়ল সেটা এখন খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় আগেও গাছ পড়ে এমন দুর্ঘটনা ঘটেছে। ঝড়বৃষ্টির জেরে গাছগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে। পুরসভাকে একাধিকবার বলা সত্ত্বেও কাজ হয়নি। গাছগুলি কাটার ব্যবস্থা করেনি পুরসভা। শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছে।