• facebook
  • twitter
  • youtube
Saturday, 5 September, 2026

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুলিশ জানিয়েছে, গাড়িটি মহারাষ্ট্রের। দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা সকলেই মুম্বই এবং আমেদাবাদের বাসিন্দা।

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

File Photo

ভয়ঙ্কর দুর্ঘটনা দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ৫ জনের। শুক্রবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলামের ভেটিয়া-ভীমপুরা গ্রামের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি মাহিন্দ্রা গাড়িতে চেপে গুজরাতের দিকে যাচ্ছিলেন ৫ জন। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের রেলিংয়ে ধাক্কা মারে এবং নদীতে পড়ে যায়। মৃত ৫ জনের মধ্যে আছে বছর পনেরোর এক কিশোর।

পুলিশ জানিয়েছে, গাড়িটি মহারাষ্ট্রের। দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা সকলেই মুম্বই এবং আমেদাবাদের বাসিন্দা। দুর্ঘটনার পরে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। স্থানীয়দের সহযোগিতায় দেহ উদ্ধার করে রতলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। রাওতি থানার আধিকারিক সুরেন্দ্র সিং গাদারিয়া জানান, স্থানীয়রা একটি জোরালো শব্দ শুনে ছুটে যান। গিয়ে দেখেন, গাড়িটি নদীখাতে পড়ে রয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির কারণেই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। পাশাপাশি গাড়িটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা হয়েছে। এই রাস্তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।