হায়দরাবাদ, ৩০ মার্চ— পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে গ্যাসের ঘাটতির সুযোগ নিয়ে কবরস্থানে লুকিয়ে রাখা হয়েছিল শতাধিক গ্যাস সিলিন্ডার। অবশেষে পুলিশের অভিযানে ফাঁস হল সেই চক্র। হায়দরাবাদে ৪১৪টি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের বানজারা হিলস এলাকায় একটি কবরস্থানে গোপনে এই সিলিন্ডারগুলি মজুত করে রাখা হয়েছিল। পরে সেগুলি বেশি দামে বিক্রি করে বেআইনি লাভ করার পরিকল্পনা ছিল অভিযুক্তদের। হায়দরাবাদ পুলিশ কমিশনারের টাস্ক ফোর্স ও স্থানীয় থানার যৌথ অভিযানে এই চক্রের হদিশ মেলে। দীর্ঘদিন ধরেই গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে চাপে ফেলার চেষ্টা চলছিল বলে অভিযোগ।
Advertisement
তদন্তে জানা গিয়েছে, মোট ৪১৪টি সিলিন্ডারের মধ্যে বিভিন্ন মাপের ভরা ও খালি সিলিন্ডার ছিল। এর পাশাপাশি ১১টি পরিবহণের গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মোট আর্থিক মূল্য প্রায় ২১ লক্ষ ৮৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এক গ্যাস সরবরাহকারী, কয়েকজন ডেলিভারি কর্মী, চালক এবং শ্রমিক। এরা সকলে মিলে পরিকল্পনা করে এই বেআইনি মজুতদারি চালাচ্ছিল বলে অভিযোগ।
Advertisement
পুলিশের দাবি, নিয়ম ভেঙে কবরস্থানের মতো জায়গায় বিপজ্জনকভাবে সিলিন্ডার মজুত করে রাখা হয়েছিল, যা বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারত। একই সঙ্গে সাধারণ মানুষের প্রয়োজনকে কাজে লাগিয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শহরের অন্যান্য এলাকায়ও এ ধরনের বেআইনি মজুতদারি রুখতে নজরদারি বাড়ানো হয়েছে।
এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাঁদের দাবি, এমন বিপজ্জনকভাবে দাহ্য পদার্থ মজুত রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রশাসনের কড়া নজরদারি প্রয়োজন।
Advertisement



