দীপাবলির আনন্দের উৎসবের পর দিল্লির হাসপাতালগুলিতে বাড়ল অগ্নিদগ্ধ রোগীর ভিড়। বাজি ফাটাতে গিয়ে পুড়ে রাজধানীর দুই বড় হাসপাতাল এইমস ও সফদরজংয়ে চিকিৎসা নিতে এসেছেন অন্তত ১৭৭ জন। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর। আহতদের তালিকায় রয়েছে শিশুরাও। শুধু এইমসেই অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন ৪২ জন। তাঁদের মধ্যে ১১ জনের জখম গুরুতর। সবচেয়ে কমবয়সি রোগীর বয়স মাত্র পাঁচ বছর। অন্য দিকে, সফদরজং হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ১৩৫ জন। তাঁদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
এইমসের প্লাস্টিক, সার্জারি ও পোড়া ক্ষতের চিকিৎসা বিভাগে ৯ নভেম্বর সকাল ১১টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, ৪২ জনের মধ্যে ৩৭ জন বাজির আগুনে এবং ২ জন পটাশের কারণে পুড়ে গিয়েছেন। গুরুতর দগ্ধ ১১ জনের মধ্যে ৪ জনকে আইসিইউতে এবং ৭ জনকে সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে। ৫ জনের অস্ত্রোপচারও করতে হয়েছে। আপাতত ৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহতদের মধ্যে ১০ বছরের কম বয়সি ৬ টি শিশু রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স ৫ বছর। ৮ বছরের একটি শিশুর শরীরের ৪৫ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। ১০ থেকে ১৮ বছর বয়সের ১২ জনও আহত হয়েছে। এই বয়সের জখমদের ক্ষেত্রে ‘আনার’ বা ফুলঝুরি জাতীয় বাজি থেকে আঘাত পাওয়ার ঘটনা বেশি। ১৮ থেকে ৬০ বছর বয়সের ২২ জন আহত হয়েছেন। তাঁদের বেশির ভাগেরই হাত পুড়ে গিয়েছে। ৬০ বছরের বেশি বয়সের ১ জনকেও গুরুতর দগ্ধ অবস্থায় আইসিইউতে রাখতে হয়েছে। বাজির আঘাতে চোখে জখম নিয়েও কয়েকজন এইমসের চক্ষু বিভাগের জরুরি বিভাগে চিকিৎসা নিতে গিয়েছেন।
আরও পড়ুন: দেওয়ালিতে মধ্যপ্রদেশে আগুন, দুই পরিবারে আগুন পুড়ে মৃত্যু ১২, বাজির ঘটনায় মৃ্ত্যু আরও ৩৫
সফদরজং হাসপাতালের দগ্ধ ও প্লাস্টিক সার্জারি বিভাগে ৭ ও ৮ নভেম্বর মিলিয়ে ১৩৫ জন চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের মধ্যে ১২৯ জন বাজির আগুনে এবং ৬ জন প্রদীপের আগুনে পুড়েছেন। ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আহতদের মধ্যে ৯৩ জন পুরুষ এবং ৪২ জন মহিলা। ৪ জন দিল্লির বাইরের বাসিন্দা।
এদিকে, দীপাবলির দিন দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনাও কম ঘটেনি। দিল্লি দমকল বিভাগের হিসাব অনুযায়ী, ৮ নভেম্বর মোট ২৫৭টি জরুরি ফোন আসে। তার মধ্যে ২১৪টি ছিল আগুন লাগার খবর। ২৪টি ঘটনায় বাজির আগুনের যোগ ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আগুন নেভাতে গিয়ে দমকল বিভাগের কর্মীরাও সামান্য আহত হন। গত বছর দীপাবলিতে আগুন লাগার খবর এসেছিল ২৩১টি।
এই পরিস্থিতিতে বাজি পোড়ানোর সময় এবং অগ্নিদগ্ধ হওয়ার পর কী করণীয়, তা নিয়ে সতর্ক করেছেন চিকিৎসকরা। তাঁদের পরামর্শ, বাজির আগুনে শরীরের কোনও অংশ পুড়ে গেলে প্রথমেই আক্রান্ত জায়গায় অন্তত ১৫-২০ মিনিট পরিষ্কার, ঠান্ডা কলের জল ঢালতে হবে। এতে পোড়ার গভীরতা ও ক্ষতির পরিমাণ কমাতে সাহায্য করে। তবে বরফ বা বরফ-ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। পুড়ে যাওয়া জায়গায় টুথপেস্ট, ঘি, তেল, কালি বা অন্য কোনও ঘরোয়া উপাদান লাগানোও বিপজ্জনক। এতে ক্ষত আরও জটিল হতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।
আরও পড়ুন: ডিসেম্বরে বাংলাদেশে ফেরার প্রস্তুতি, নতুন পার্সপোর্ট চেয়ে দিল্লির দূতাবাসে চিঠি হাসিনার
চিকিৎসকরা আরও বলছেন, পোড়া জায়গায় লেগে থাকা কাপড় জোর করে টেনে তোলা উচিত নয়। আংটি, চুড়ি বা ঘড়ির মতো জিনিস থাকলে ফুলে যাওয়ার আগেই সাবধানে খুলে ফেলতে হবে। ঠান্ডা জল দেওয়ার পর পরিষ্কার, জীবাণুমুক্ত ও না-লাগা কাপড় বা পরিষ্কার ড্রেসিং দিয়ে ক্ষত আলতো করে ঢেকে রাখতে হবে। ফোসকা ফাটানো বা নিজে থেকে পোড়া চামড়া তুলে ফেলার চেষ্টা করা যাবে না। পোড়ার জায়গা বড় হলে, গভীর হলে, মুখ, চোখ, হাত বা যৌনাঙ্গে আঘাত লাগলে কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। শিশুদের ক্ষেত্রে সামান্য পোড়াকেও অবহেলা না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বাজি পোড়ানোর সময় ঢিলেঢালা সিন্থেটিক বা সিল্কের পোশাক এড়িয়ে সুতির পোশাক পরা উচিত। শিশুদের কখনও একা বাজি ধরতে দেওয়া যাবে না। বাজি জ্বালানোর সময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং কাছে এক বালতি জল বা বালির ব্যবস্থা রাখতে হবে। অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে সঙ্গে সঙ্গে আগুনের কাছে যাওয়াও বিপজ্জনক। হাত ভাল করে ধুয়ে শুকিয়ে নেওয়া জরুরি। চিকিৎসকদের বক্তব্য, উৎসবের আনন্দে সামান্য অসতর্কতাও বড় বিপদ ডেকে আনতে পারে। তাই বাজি পোড়ানোর ক্ষেত্রে সতর্কতার পাশাপাশি দুর্ঘটনা ঘটলে সঠিক প্রাথমিক চিকিৎসা এবং দ্রুত হাসপাতালে পৌঁছনোই সবচেয়ে জরুরি।
দেখুন:




