• facebook
  • twitter
  • youtube
Tuesday, 23 June, 2026

ইরান-মার্কিন চুক্তি আলোচনা : সংশয় ও অস্থির সমঝোতার রাজনীতি

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে।

সুইজারল্যান্ডে সাম্প্রতিক আলোচনার পর ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে। দীর্ঘদিনের শত্রুতা, পারমাণবিক উত্তেজনা, নিষেধাজ্ঞা ও সামরিক সংঘাতের পটভূমিতে এই আলোচনাকে অনেকেই উজ্জ্বল সম্ভাবনা হিসেবে দেখছেন। কিন্তু একইসঙ্গে স্পষ্ট হয়ে উঠছে— দুই পক্ষের বক্তব্যে মৌলিক অমিল রয়েছে, বিশেষ করে পারমাণবিক সংস্থা পরিদর্শন ও আস্থার প্রশ্নে। ফলে প্রশ্ন উঠছে, এই সংলাপ কি সত্যিই কোনও স্থায়ী সমাধানের দিকে এগোচ্ছে, নাকি এটি কেবল একটি অস্থায়ী রাজনৈতিক সমঝোতা?
আলোচনার পর মার্কিন নেতৃত্বের বক্তব্যে সদর্থক মনোভাবের সুর স্পষ্ট। তাদের দাবি, ইরান নাকি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের আবার প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছে। কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে এবং পরিদর্শনই সেই উদ্বেগ নিরসনের প্রধান উপায়। কিন্তু এই দাবির বিপরীতে ইরানের অবস্থান একেবারেই আলাদা। তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে— পারমাণবিক বিষয়টি এখনও আলোচনার মূল পর্যায়ে প্রবেশই করেনি, নতুন কোনও প্রতিশ্রুতিও তারা দেয়নি।
এই দ্বৈত অবস্থান আন্তর্জাতিক কূটনীতির একটি পরিচিত চিত্র। আলোচনার টেবিলে এক কথা, আর দেশের অভ্যন্তরে অন্য বার্তা— এটি বহু সময়েই দেখা যায়। তবে এখানে বিষয়টি আরও জটিল, কারণ এটি কেবল রাজনৈতিক বক্তব্যের পার্থক্য নয়; বরং বাস্তব চুক্তির ভিত্তিই কতটা দৃঢ়, তা নিয়ে প্রশ্ন তুলছে।
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাময়িক নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কয়েক দশকের মধ্যে প্রথমবার ইরানকে ডলারে তেল বিক্রির সুযোগ দেওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে ইরানের অর্থনীতির জন্য বড় স্বস্তি। দীর্ঘদিনের অবরোধে তাদের তেল রপ্তানি জটিল নেটওয়ার্কের ওপর নির্ভরশীল ছিল, যা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এখন সেই বাধা অনেকটাই কমছে। ব্যাঙ্কিং, বীমা ও পরিবহনের পথ খুলে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে ইরানের প্রত্যাবর্তন সহজ হবে।
কিন্তু এই অর্থনৈতিক ছাড়ের বিনিময়ে কী পাওয়া যাচ্ছে? আমেরিকা।বলছে, এর বিনিময়ে ইরানকে কিছু শর্ত মানতে হবে— বিশেষত হরমুজ প্রণালীর নিরাপত্তা ও পরমাণু পরিদর্শকদের প্রবেশাধিকার। অন্যদিকে ইরান এই শর্তগুলিকে সরাসরি স্বীকার করছে না। তারা বলছে, যে কোনও সিদ্ধান্ত তাদের নিজস্ব সাংবিধানিক ও নিরাপত্তা কাঠামোর মধ্য দিয়েই নেওয়া হবে।
এখানেই মূল দ্বন্দ্বটি স্পষ্ট হয়। মার্কিন যুক্তরাষ্ট্র চায় দ্রুত ফলাফল, যাতে তারা নিজেদের কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরতে পারে। ইরান চায় ধীরে, নিজের শর্তে এগোতে। এই দুই ভিন্ন গতি ও দৃষ্টিভঙ্গিই আলোচনাকে অনিশ্চিত করে তুলছে।
হরমুজ প্রণালীর প্রসঙ্গটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের একটি বড় অংশের জ্বালানি এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। অতীতে একাধিকবার উত্তেজনার কারণে এই পথ বিপদের মুখে পড়েছে। আলোচনায় এই প্রণালি খোলা রাখার বিষয়ে সমঝোতার কথা বলা হয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ইতিবাচক সংকেত। পাশাপাশি ভুল বোঝাবুঝি এড়াতে যোগাযোগ ব্যবস্থা তৈরির সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এছাড়া লেবানন প্রসঙ্গে একটি সংঘাত নিরসন কাঠামো তৈরির কথাও উঠে এসেছে। পশ্চিম এশিয়ায় ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলির ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। সেই প্রেক্ষিতে এই উদ্যোগকে আঞ্চলিক স্থিতিশীলতার দিকে একটি ছোট পদক্ষেপ বলা যেতে পারে। তবে বাস্তবে এর কার্যকারিতা কতটা হবে, তা নির্ভর করবে বাস্তব পরিস্থিতির ওপর।
এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হলো— আস্থা। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি ছিল একটি বড় মাইলফলক। কিন্তু ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর ইরানের মধ্যে গভীর অবিশ্বাস তৈরি হয়। তারা মনে করে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও চুক্তিই স্থায়ী নয়। ফলে বর্তমান আলোচনায় ইরান অত্যন্ত সতর্ক।
অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানকে পুরোপুরি বিশ্বাস করতে রাজি নয়। তারা চায় কঠোর নজরদারি ও যাচাই প্রক্রিয়া। কারণ পরিদর্শন ছাড়া কোনো চুক্তিই কার্যকর হবে না। এই পারস্পরিক সন্দেহই আলোচনার সবচেয়ে বড় বাধা।
আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অভ্যন্তরীণ রাজনীতি। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশাসনের পরিবর্তনের সঙ্গে নীতির পরিবর্তন ঘটতে পারে। একইভাবে ইরানেও রাজনৈতিক শক্তির ভারসাম্য আলোচনার গতিপথ নির্ধারণ করে। ফলে আন্তর্জাতিক চুক্তি হলেও তা সবসময় স্থায়ী হয় না।
এই প্রেক্ষাপটে বর্তমান ৬০ দিনের সময়সীমা একটি পরীক্ষার সময়। এই সময়ের মধ্যে যদি কোনও দৃশ্যমান অগ্রগতি হয়— বিশেষত পরিদর্শকদের প্রবেশ, পারমাণবিক কার্যক্রমে স্বচ্ছতা এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে— তাহলে একটি বৃহত্তর চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু যদি এই সময়সীমা পারস্পরিক অভিযোগ ও ব্যাখ্যার দ্বন্দ্বেই কাটে, তাহলে আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।
সুতরাং মনে হচ্ছে, ইরান ও আমেরিকার সম্পর্ক এখন এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে অর্থনৈতিক স্বার্থ ও কূটনৈতিক প্রয়োজন, অন্যদিকে আস্থা সংকট ও রাজনৈতিক বাস্তবতা— এই দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বর্তমান পরিস্থিতি কোনও চূড়ান্ত সমাধানের ইঙ্গিত দিচ্ছে না, বরং একটি দীর্ঘ প্রক্রিয়ার সূচনা মাত্র। এই প্রক্রিয়া সফল হবে কিনা, তা নির্ভর করবে দুই পক্ষের বাস্তব পদক্ষেপ, পারস্পরিক বিশ্বাস গড়ে তোলা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার ওপর।

শেষ পর্যন্ত এই আলোচনার প্রকৃত মূল্যায়ন হবে কথায় নয়, কাজে। ইরান কি সত্যিই পরিদর্শকদের প্রবেশাধিকার দেবে? মার্কিন যুক্তরাষ্ট্র কি তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে? এই প্রশ্নগুলির উত্তরই নির্ধারণ করবে— এই সমঝোতা ইতিহাসে একটি নতুন অধ্যায় সৃষ্টি করবে, নাকি আরেকটি ব্যর্থ প্রচেষ্টা হিসেবে থেকে যাবে।