• facebook
  • twitter
  • youtube
Tuesday, 10 November, 2026

হিমালয়ের বুকে উন্নয়নের দৌড়ে বিপন্ন জীবন

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, উন্নয়নের ধারণাকে নতুন করে ভাবা। পাহাড়ি অঞ্চলের উন্নয়ন মানেই বেশি রাস্তা, বেশি হোটেল, বেশি বহুতল বা বেশি পর্যটক নয়। পাহাড়ের বহনক্ষমতা কতটা, প্রকৃতি কতটা চাপ সহ্য করতে পারবে, স্থানীয় মানুষের জীবন ও জীবিকা কীভাবে সুরক্ষিত থাকবে— উন্নয়নের পরিকল্পনায় এই প্রশ্নগুলিকে অগ্রাধিকার দিতে হবে। পর্যটনকে নিয়ন্ত্রিত ও পরিবেশবান্ধব করতে হবে। স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে হবে, কিন্তু তার জন্য প্রাকৃতিক সম্পদের উপর সীমাহীন চাপ সৃষ্টি করা চলবে না।

হিমালয়ের বুকে উন্নয়নের দৌড়ে বিপন্ন জীবন

নিজস্ব গ্রাফিক্স চিত্র

হিমালয় শুধু একটি পর্বতমালা নয়, দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের জীবন, জীবিকা ও পরিবেশের অন্যতম প্রধান অবলম্বন। এই পর্বতমালার হিমবাহ থেকে উৎপন্ন নদীগুলি ভারত, নেপাল, বাংলাদেশ-সহ বিস্তীর্ণ অঞ্চলের জলসম্পদ, কৃষি ও অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু সেই হিমালয় আজ এক গভীর বিপদের মুখে। একদিকে জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত গলছে বরফ, বাড়ছে হিমবাহ-সৃষ্ট হ্রদ এবং ভূমিধসের আশঙ্কা। অন্যদিকে, উন্নয়নের নামে পাহাড়ের ঢালে, নদীর তীরে এবং বিপজ্জনক উপত্যকায় গড়ে উঠছে হোটেল, বাড়িঘর, রাস্তা, জলবিদ্যুৎ প্রকল্প ও পর্যটনকেন্দ্র। প্রকৃতির বিপদের সঙ্গে মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ড যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

সম্প্রতি ‘সায়েন্টিফিক রিপোর্টস’ পত্রিকায় প্রকাশিত একটি গবেষণা এই বিপদের গভীরতা সম্পর্কে নতুন করে সতর্ক করেছে। গবেষকদের হিসাব অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে নেপালের উত্তরাঞ্চল, দক্ষিণ-পূর্ব তিব্বতের কিছু এলাকা এবং ভারতের উত্তরাখণ্ডের একটি অংশে বিপজ্জনক অঞ্চলের মধ্যে নির্মিত এলাকার পরিমাণ প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। হিমবাহের হ্রদ ভেঙে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে, এমন এলাকায় নির্মাণের পরিমাণ বেড়েছে প্রায় ৭৮ শতাংশ। গবেষণায় দেখা গিয়েছে, অন্তত তিন লক্ষ মানুষ এমন এলাকায় বসবাস করছেন, যেখানে বন্যা, হিমবাহ-হ্রদ বিস্ফোরণ কিংবা ভূমিধসের মতো বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। বাস্তবে বিপন্ন মানুষের সংখ্যা আরও বেশি হতে পারে।

এই পরিসংখ্যান নিছক কিছু সংখ্যার হিসাব নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের জীবন, বসতভিটে, জীবিকা এবং ভবিষ্যৎ। নেপালের পোখরা শহরের কথাই ধরা যাক। পর্যটনের প্রসারের সঙ্গে সঙ্গে শহরটির দ্রুত সম্প্রসারণ ঘটেছে। অথচ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া সেটি গণ্ডকী নদীর দুই তীরে বহু পুরোনো বাড়ি এখনও নদীর খুব কাছাকাছি অবস্থিত। নতুন নিয়মে নদীর তীর থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নির্মাণের কথা বলা হলেও বাস্তবে সেই নিয়ম কার্যকর করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ, বহু মানুষ দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছেন। তাঁদের অন্যত্র সরিয়ে নেওয়া যেমন প্রশাসনিকভাবে কঠিন, তেমনই সামাজিক ও অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত সংবেদনশীল। আবার অন্নপূর্ণা পর্বতাঞ্চলের মতো জনপ্রিয় পর্যটন এলাকায় নদীর ধারে গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও হোমস্টে। পর্যটকদের ভিড়ে একসময় যে ব্যবসাগুলি ফুলেফেঁপে উঠেছিল, প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় আজ সেগুলিই অনিশ্চয়তার মুখে। যে নদী পর্যটকদের আকর্ষণ করে, সেই নদীই মুহূর্তের মধ্যে হোটেল, বাড়িঘর ও মানুষের জীবিকা ধ্বংস করে দিতে পারে। ফলে পর্যটননির্ভর অর্থনীতির সামনে এখন এক বড় প্রশ্ন— প্রকৃতির বিপদকে উপেক্ষা করে কি কোনও উন্নয়ন দীর্ঘস্থায়ী হতে পারে?

সমস্যাটি শুধু পর্যটন শিল্পের মধ্যে সীমাবদ্ধ নয়। ভোটেকোশী ও ত্রিশূলী নদীর উপত্যকায় একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন অবশ্যই প্রয়োজন। কিন্তু পাহাড়ের ভঙ্গুর ভূপ্রকৃতি, নদীর স্বাভাবিক প্রবাহ এবং ভূমিকম্পের ঝুঁকি বিবেচনা না করে প্রকল্প তৈরি হলে, তা বিপর্যয়ের মাত্রা বাড়াবে। উন্নয়নের নামে নদীর গতিপথ সংকুচিত করা, পাহাড় কেটে রাস্তা তৈরি কিংবা প্রাকৃতিক জলনিকাশি ব্যবস্থা নষ্ট করার পরিণতি যে কতটা ভয়াবহ, সাম্প্রতিক ঘটনাগুলি তারই প্রমাণ।

এই বিপদের অন্যতম প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। বিজ্ঞানীদের মতে, হিমালয় অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধির হার বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধির হারের প্রায় দ্বিগুণ। এর ফলে দ্রুত গলছে হিমবাহ, বরফের স্তর ও চিরতুষারাবৃত অঞ্চল। হিমবাহের বরফ গলে তৈরি হচ্ছে নতুন নতুন হ্রদ। কোনও হ্রদের প্রাকৃতিক বাঁধ দুর্বল হয়ে পড়লে কিংবা পাহাড়ের ধস সেই বাঁধ ভেঙে দিলে মুহূর্তের মধ্যে নেমে আসতে পারে বিপুল জলরাশি। এই ধরনের বন্যাকে বলা হয় হিমবাহ-হ্রদ বিস্ফোরণজনিত বন্যা। এর সঙ্গে যুক্ত হয়েছে অতিবৃষ্টি, মেঘভাঙা বৃষ্টি, তুষারপাতের ধরনে পরিবর্তন এবং ভূমিকম্পের অভিঘাত। ফলে পাহাড়ের ঢাল দুর্বল হয়ে পড়ছে, বাড়ছে পাথর ও বরফের ধসের আশঙ্কা।

এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার। প্রাকৃতিক বিপর্যয় সব সময় মানুষের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু সেই বিপর্যয়ে কত মানুষ ক্ষতিগ্রস্ত হবেন, তা অনেকাংশেই মানুষের পরিকল্পনা ও সিদ্ধান্তের উপর নির্ভর করে। নদীর স্বাভাবিক প্লাবনভূমিতে বসতি তৈরি করলে বন্যার সময় ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়বেই। পাহাড়ের বিপজ্জনক ঢালে নির্বিচারে নির্মাণ হলে ভূমিধসের ঝুঁকিও বাড়বে। অর্থাৎ প্রকৃতি বিপদ তৈরি করলেও অপরিকল্পিত উন্নয়ন সেই বিপদকে মানুষের কাছে আরও ভয়ংকর করে তুলছে।

ভারতের উত্তরাখণ্ডেও একই সমস্যা স্পষ্ট। কেদারনাথ, বদ্রীনাথ-সহ বিভিন্ন তীর্থক্ষেত্র ও পর্যটনকেন্দ্রে মানুষের যাতায়াত ক্রমশ বাড়ছে। সেই চাহিদা পূরণ করতে গড়ে উঠছে নতুন রাস্তা, হোটেল, দোকান ও অন্যান্য পরিকাঠামো। অথচ নদীর তীর এবং পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় নির্মাণ নিয়ন্ত্রণের নিয়ম বহু ক্ষেত্রেই কার্যকর হচ্ছে না। সম্প্রতি উত্তরাখণ্ড সরকার বন্যাপ্রবণ এলাকায় জমির ব্যবহার নিয়ন্ত্রণের জন্য নতুন নিয়ম অনুমোদন করেছে। কিন্তু প্রশ্ন হল, শুধু নিয়ম তৈরি করলেই কি সমস্যার সমাধান হবে? অতীতে বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে, কাগজে-কলমে পরিবেশ সংরক্ষণের বিধি থাকলেও বাস্তবে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে তা উপেক্ষিত হয়েছে।

তাই প্রথমেই প্রয়োজন বিজ্ঞানভিত্তিক বিপর্যয় মানচিত্র তৈরি। কোন এলাকা কতটা ঝুঁকিপূর্ণ, কোথায় বসতি গড়া উচিত নয়, কোথায় পর্যটন বা নির্মাণ সীমিত রাখা দরকার—এই বিষয়গুলি স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে। উচ্চ, মাঝারি ও নিম্ন ঝুঁকির অঞ্চল অনুযায়ী নির্মাণের অনুমতি দিতে হবে। বিপজ্জনক এলাকায় নতুন নির্মাণ বন্ধ করার পাশাপাশি ইতিমধ্যে বসবাসকারী মানুষদের পুনর্বাসনের বাস্তবসম্মত ব্যবস্থা করতে হবে। তাঁদের মতামত ও জীবিকার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা জরুরি। পাশাপাশি, প্রয়োজন উন্নত আগাম সতর্কীকরণ ব্যবস্থা। হিমবাহের হ্রদ, নদীর জলস্তর, বৃষ্টিপাত এবং পাহাড়ের ঢালের পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করা। বিপদের পূর্বাভাস দ্রুত পৌঁছে দিতে হবে প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে। শুধু প্রযুক্তি নয়, স্থানীয় মানুষকে প্রশিক্ষণ দিতে হবে, নিয়মিত মহড়ার ব্যবস্থা এবং নিরাপদ আশ্রয়কেন্দ্র তৈরি করতে হবে। জলবিদ্যুৎ প্রকল্প, সড়ক নির্মাণ ও পর্যটন পরিকাঠামোর ক্ষেত্রে পরিবেশগত প্রভাব সমীক্ষাকে আরও কঠোর করতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, উন্নয়নের ধারণাকে নতুন করে ভাবা। পাহাড়ি অঞ্চলের উন্নয়ন মানেই বেশি রাস্তা, বেশি হোটেল, বেশি বহুতল বা বেশি পর্যটক নয়। পাহাড়ের বহনক্ষমতা কতটা, প্রকৃতি কতটা চাপ সহ্য করতে পারবে, স্থানীয় মানুষের জীবন ও জীবিকা কীভাবে সুরক্ষিত থাকবে— উন্নয়নের পরিকল্পনায় এই প্রশ্নগুলিকে অগ্রাধিকার দিতে হবে। পর্যটনকে নিয়ন্ত্রিত ও পরিবেশবান্ধব করতে হবে। স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে হবে, কিন্তু তার জন্য প্রাকৃতিক সম্পদের উপর সীমাহীন চাপ সৃষ্টি করা চলবে না।

হিমালয়কে জয় করা নয়, তার সঙ্গে সহাবস্থানের পথ খুঁজে বের করাই এখন জরুরি। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলির কাছ থেকে আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু তহবিল আদায়ের ক্ষেত্রেও নেপাল ও ভারতের মতো দেশগুলিকে একযোগে উদ্যোগী হতে হবে। কারণ, যে বিপর্যয়ের জন্য পাহাড়ি দেশগুলির দায় তুলনামূলকভাবে কম, তার মূল্য দিতে হচ্ছে তাদেরই সবচেয়ে বেশি। প্রকৃতির সঙ্গে প্রতিযোগিতায় নেমে মানুষ কখনও স্থায়ীভাবে জয়ী হতে পারে না। হিমালয়ের বুক চিরে উন্নয়নের যে দৌড় চলছে, তার গতি কমিয়ে প্রকৃতির নিয়ম মেনে চলার সময় এসেছে। আজ যে নদীর ধারে একটি হোটেল বা বাড়ি তৈরি হচ্ছে, আগামীকাল সেই নদীই হয়তো সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। বিপর্যয়ের পরে ক্ষতিপূরণ, পুনর্গঠন কিংবা পুনর্বাসনের চেয়ে বিপর্যয়ের আগেই সতর্ক হওয়া বুদ্ধিমানের কাজ। মনে রাখতে হবে, উন্নয়নের প্রকৃত সাফল্য কতগুলি বাড়ি, রাস্তা বা বিদ্যুৎকেন্দ্র তৈরি হল, তা নয়; বরং সেই উন্নয়ন মানুষের জীবনকে কতটা নিরাপদ করল, তার উপরই নির্ভর করে। হিমালয়কে বাঁচানো মানে শুধু একটি পর্বতমালাকে বাঁচানো নয়, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ প্রজন্মের জীবন ও অস্তিত্বকে সুরক্ষিত করা।