আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আত্মবিশ্বাসে ভরপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী ঊষা রানী মণ্ডল। চতুর্থবার প্রার্থী হয়ে তিনি স্পষ্ট বার্তা দিলেন, ‘৭০ হাজার ভোটে জিতেই সেই জয় মুখ্যমন্ত্রীকে উপহার দেব।’ তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই মিনাখাঁ কেন্দ্রের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
মিনাখাঁ কেন্দ্র বরাবরই উন্নয়নের পক্ষে রায় দিয়েছে বলে দাবি শাসক শিবিরের। ২০১১, ২০১৬ এবং ২০২১— টানা তিনবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ঊষা রানী মণ্ডল। তাঁর নেতৃত্বে এলাকায় রাস্তা নির্মাণ, পানীয় জল সরবরাহ এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের বাস্তবায়ন হয়েছে বলে স্থানীয়দের একাংশের মত।
Advertisement
গত বিধানসভা নির্বাচনে তিনি প্রায় ৫৫ হাজারের বেশি ভোটে জয়ী হন। তার পাশাপাশি সাম্প্রতিক লোকসভা ভোটেও এই কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ছিল তৃণমূল। ফলে সংগঠন ও জনসমর্থন— দুই ক্ষেত্রেই শাসকদল এগিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
Advertisement
চতুর্থবার প্রার্থী হওয়ার পর ঊষা রানী মণ্ডল বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে ভরসা দিয়েছেন, তার মর্যাদা রাখব। মিনাখাঁ জুড়ে উন্নয়নের কাজ আরও জোরদার হবে।’ তিনি আরও জানান, মানুষের পাশে থেকেই কাজ করে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য।
অন্যদিকে, বিদ্যাধরী নদীর দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল। তিনি বলেন, ‘এই সমস্যা দীর্ঘদিনের। মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা চলছে।’
তৃণমূল শিবিরের দাবি, বিরোধীরা নানা ভাবে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করলেও মানুষ উন্নয়নকেই বেছে নেবে। সেই বিশ্বাস নিয়েই মিনাখাঁয় আরও বড় জয়ের লক্ষ্যে এগোচ্ছে শাসকদল।
Advertisement



