• facebook
  • twitter
Sunday, 1 February, 2026

১৮ দিন পর উদ্ধার নিখোঁজ ব্যবসায়ীর পচাগলা দেহ

শনিবার রাতে নদীর পাশে জঙ্গলের মধ্যে একটি ঘাটের ধারে দেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

১৮ দিন ধরে নিখোঁজ থাকার পর ইছামতি নদীর তীর থেকে উদ্ধার হল এক ব্যবসায়ীর পচাগলা দেহ। মৃত ব্যবসায়ী গণেশ সরকার (৪৫), উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের ভূমিতলা গ্রামের বাসিন্দা। শনিবার রাতে নদীর পাশে জঙ্গলের মধ্যে একটি ঘাটের ধারে দেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

পরিবার সূত্রে খবর, গত ১৩ আগস্ট গণেশ সরকার নিখোঁজ হন। তাঁর খোঁজে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশি তৎপরতায় স্থানীয় এলাকায়, এমনকি ইছামতি নদীতে ডুবুরি নামিয়েও খোঁজ চালানো হয়, কিন্তু কোনও সন্ধান মেলেনি। অবশেষে শনিবার রাতে টিপির ঘাট সংলগ্ন এলাকায় জঙ্গলের মধ্যে পচাগলা অবস্থায় একটি দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

Advertisement

মৃতের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে জানান, দেহটি গণেশ সরকারের। তাঁদের অভিযোগ, নিছক নিখোঁজ বা দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে খুন করে দেহ লুকিয়ে রাখা হয়েছিল নদীর জঙ্গলঘেরা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি এমন ভাবে রাখা হয়েছিল যে তা বাইরে থেকে চোখে পড়ার সম্ভাবনা ছিল না। ফলে এতদিন ধরে খোঁজ করেও তাঁর কোনও হদিশ মেলেনি।

Advertisement

ঘটনার তদন্তে নেমেছে স্বরূপনগর থানার পুলিশ। তদন্তকারীরা ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন এবং মৃত ব্যক্তির পরিবারের সদস্য ও পরিচিতদের সঙ্গে কথা বলছেন। প্রাথমিকভাবে অনুমান, কোনও ব্যক্তিগত শত্রুতা অথবা ব্যবসায়িক বিবাদের জেরেই ঘটতে পারে এই হত্যাকাণ্ড। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

স্থানীয় বাসিন্দারা এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন। পাশাপাশি, দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিও করেছেন তাঁরা।

Advertisement