• facebook
  • twitter
Friday, 20 February, 2026

ডাবগ্রাম-ফুলবাড়ি নয়, এবার শিলিগুড়ি থেকেই লড়বেন গৌতম দেব

‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা’, কটাক্ষ শিখা চট্টোপাধ্যায়ের

নিজস্ব চিত্র

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় রাজনৈতিক সিদ্ধান্তের কথা প্রকাশ্যে ঘোষণা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজের পরিচিত আসন ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না। পরিবর্তে এবার তিনি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকেই নির্বাচনে লড়বেন।

শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলায় একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে অকপটে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। গৌতম দেব বলেন, ‘আমি আর ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে দাঁড়াচ্ছি না। প্রকাশ্যে বলে যাচ্ছি, আমি আমার জন্মভূমি শিলিগুড়িতে ফিরে যাচ্ছি। ডাবগ্রাম-ফুলবাড়িতে আমি এবং আমাদের সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে, তা অতীতে হয়নি। কিন্তু লোকসভা এবং বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছি।’

Advertisement

তিনি আরও বলেন, ‘আমি পরে শিলিগুড়ির মেয়র হয়েছি, এতে ব্যক্তিগতভাবে আমার কোনও ক্ষতি হয়নি। কিন্তু ডাবগ্রাম-ফুলবাড়ির মানুষ বুঝতে পেরেছেন, এখানে কাজ করছে রাজ্য সরকার আর ভোটে জয় পাচ্ছে অন্য দল। এমন পরিস্থিতি চলতে পারে না।’

Advertisement

এদিকে গৌতম দেবের এই ঘোষণার পরই তীব্র কটাক্ষ করেন ডাবগ্রাম-ফুলবাড়ির বর্তমান বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা।’ তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন গৌতম দেব। এরপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল, ২০২৬ সালের নির্বাচনে তিনি কোন আসন থেকে লড়বেন। শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি শিলিগুড়ি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত ঘোষণা করলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিলিগুড়ি গৌতম দেবের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হওয়ায় এই সিদ্ধান্ত তাঁর পক্ষে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।

Advertisement