মঙ্গলবার বিকেলে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচলে বড়সড় বিঘ্ন ঘটে। অশোকনগর রোড স্টেশনে ঢোকার সময় একটি চলন্ত লোকাল ট্রেনের নীচের অংশ থেকে আচমকাই আগুনের ফুলকি বের হতে দেখা যায়। ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
রেল সূত্রে জানা গিয়েছে, বিকেল ৪টা ২৬ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে আসা ৩৩৮৩১ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল অশোকনগর স্টেশনে ঢোকে। ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করার পরই নীচের অংশ থেকে স্পার্কিং বা আগুনের ফুলকি বের হতে দেখেন যাত্রীরা। আতঙ্কে তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে পড়েন অনেকে।
ঘটনার পরই অশোকনগর স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। খবর দেওয়া হয় চালক, গার্ড এবং রেলের কারিগরি দলকে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট অথবা চাকার কাছে কোনও যান্ত্রিক গোলযোগের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার জেরে আপ বনগাঁ শাখায় ট্রেন চলাচল সাময়িকভাবে থমকে যায়। একের পর এক আপ লোকাল বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। অফিস ফেরার ব্যস্ত সময়ে আচমকা ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েন হাজার হাজার নিত্যযাত্রী।
রেলের কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করেছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।




