• facebook
  • twitter
Friday, 17 April, 2026

আজও বদলায়নি পয়লা বৈশাখ

আজ আর তেমন কিছু আমাদের সঙ্গে ঘটে না, অন্তত শ্যুটিং থাকলেই আমরা খুব খুশি হই এই ভেবে যে, প্রথম দিন কাজ করলে সারা বছর ভালো যাবে।

মৈত্রেয়ী মিত্র

পয়লা বৈশাখ। আজকাল নতুন স্টাইল একলা বৈশাখ বলা, আমি তো পুরোনোকে বুকের মধ্যে নিয়ে বাঁচি, তাই পয়লা বৈশাখই বলি। আমাদের ছোটোবেলায় এইদিনটা আমাদের খুব আনন্দের ছিল। দিনকয়েক আগে থাকতেই মামমামের সঙ্গে হাতিবাগানে গিয়ে নতুন জামা কেনা হত। সে কি আনন্দ। ফুটপাথের সব দোকান ঘুরে ঘুরে মামমামের সঙ্গে আমি আর মিষ্টিদিদি জামা কিনতুম। সুতির ছিটের জামা, আজকাল এতে বাচ্চারা খুশি হয়ে কিনা জানি না, আগে তো হত।

Advertisement

কোথা থেকে কেনা হচ্ছে সেটা মুখ্য ছিল না, নতুন জামা হলো এতেই খুশি হতুম আমরা, উপরি পাওনা হাতিবাগান ঘোরা, এমনকি দুটো করে প্লাস্টিকের চুড়িও জুটে যেত মাঝে মাঝেই। নতুন জামার গন্ধ নিতে নিতে মণির গাড়ি চড়ে পৌঁছে যেতুম আমাদের অফিসে। সেদিন অফিসে পুজো হত, তাই আমরাও যেতুম। আমি মিষ্টিদিদি যেতুম প্রতিবার, আর মাঝেমাঝে রিঙ্কিও থাকত খুব খেলা করতুম। সেদিন কিন্তু আমরা অফিস অফিস খেলতুম। কী যে মজা হত সে আর বোঝাই কী করে। বাড়ি ফেরার আগে সবার টেবিল ঘুরে ঘুরে যে পেন্সিল, যে রবার আমাদের পছন্দ হতো আমরা নিয়ে নিতুম, সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখতুম, আমার সবচেয়ে ভালো লাগত ওই অত বোতামওয়ালা কালো ভারি ফোনটা, হাতল তুলে বারবার কানে দিতুম, বাবা কিচ্ছু বলত না।

Advertisement

ফেরার পথে অফিসের নিচে যত দোকান ছিল তাদের সকলের সঙ্গে প্রতিবার বাবা দেখা করাতো, আর প্রতিবার অফিস থেকে বেরিয়েই লালবাজারের বড় লাল বাড়িটা দেখতুম। আর হ্যাঁ, অফিসের কাছে কি একটা আলাদা গন্ধে আশপাশটা ভরে থাকত, সেটা কিন্তু আর কোথাও পেতুম না। বাড়ি ফেরার পথে তিওয়ারি থেকে বাবা বাড়ির সকলের পছন্দ মতো অনেক খাবার নিয়ে আসত মনে আছে। এত কিছুর মধ্যে একবার হলেও পড়তে বসতেই হত, না হলে মা খুব বকতো, বলতো সারা বছর যে কাজগুলো করবে বছরের প্রথম দিন সেগুলো করতে হয়। যখন বড় হয়ে কাজের জগতে পা রাখলুম, দেখলুম সেখানেও পয়লা বৈশাখ স্বমহিমায় বিরাজমান।

অনেক আগের কথা বলছি, পয়লা বৈশাখ অনেক ছবির মহরত হত, নয়তো বা পরিকল্পনা শুরু হত এই দিন থেকে। আজ আর তেমন কিছু আমাদের সঙ্গে ঘটে না, অন্তত শ্যুটিং থাকলেই আমরা খুব খুশি হই এই ভেবে যে, প্রথম দিন কাজ করলে সারা বছর ভালো যাবে। সময় গড়িয়ে গেছে অনেক, কিন্তু আজও সব কিছু বড় টাটকা তাজা আছে আমার মনের মধ্যে। সেই সময়, সেই আপনজনেরা, সেই গন্ধ, সেই স্বাদ, সেই আনন্দ সব সব জমা আছে মনের মধ্যে। হায় রে, প্রতি বছর পাঁজি যেমন বদলে যায়, সময়ও তো বদলে যায়। শুধু বদলায়নি প্রতি বছরের পয়লা বৈশাখের আসা।

Advertisement