• facebook
  • twitter
  • youtube
Tuesday, 21 July, 2026

গীতা জয়ন্তীর আধ্যাত্মিক মহোৎসব মন্মথপুর প্রণব মন্দিরে

মন্দির সূত্রে জানা গিয়েছে, দিনব্যাপী অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল ১৩০ জন মায়েদের দ্বারা ১৩০টি তুলসী মায়ের বিশেষ পূজা।

গীতা জয়ন্তীর আধ্যাত্মিক মহোৎসব মন্মথপুর প্রণব মন্দিরে

নিজস্ব চিত্র

শ্রীশ্রী গীতা জয়ন্তী উপলক্ষে মন্মথপুর প্রণব মন্দিরে সোমবার অনুষ্ঠিত হল এক অনন্য আধ্যাত্মিক মহোৎসব। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীমৎ প্রণবানন্দজী মহারাজের ১৩০তম শুভ আবির্ভাব বর্ষ এবং শ্রীমদ্ভগবদ্গীতার ৫১৬২তম শুভক্ষণকে কেন্দ্র করে সারাদিন ধরে মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় নানা ধর্মীয় ও মানবকল্যাণমূলক কর্মসূচি।

মন্দির সূত্রে জানা গিয়েছে, দিনব্যাপী অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল ১৩০ জন মায়েদের দ্বারা ১৩০টি তুলসী মায়ের বিশেষ পূজা। পাশাপাশি অনুষ্ঠিত হয় সপ্তপ্রদীপ প্রজ্জ্বলন, ২১ জন বৈষ্ণবকে সেবাদান এবং এলাকার এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে শ্রীশ্রী গীতা ও আশীর্বাদস্বরূপ সাতটি করে পেন প্রদান। উপস্থিত পরীক্ষার্থীরা জানান, এই শুভক্ষণে গীতা এবং আশীর্বাদের সামগ্রী পাওয়া তাঁদের কাছে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

দিনের শেষে ‘সঙ্ঘগীতা পাঠ’ এবং গীতার কর্মযোগ পাঠে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির চত্বর। মা ও ভক্তদের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত গীতা আরতি ও গুরু পূজারতি অনুষ্ঠানটিকে আরও আধ্যাত্মিক আবহে ভরিয়ে তোলে।

অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সঙ্ঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বামী পবিত্রাত্মানন্দ ও স্বামী নীলাচলানন্দ। স্থানীয় ভক্ত, মাতৃসমাজ এবং বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গীতা জয়ন্তীর এই মহোৎসব আরও মহিমান্বিত হয়ে ওঠে বলে মত আয়োজকদের।