বর্ধমানে ইন্দ্রকানন উন্নয়ন সমিতির পরিচালনায় ইন্দ্রকানন মঞ্চে প্রতিবছরের মতন ‘চৈত্রশেষে বৈশাখী আলাপ’ শীর্ষক একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হলো। এলাকার প্রায় ১৮২টি পরিবারের সম্মিলিত সহযোগিতায় এই অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়। নাচ, গান, কবিতা আবৃত্তি, নাটক এবং পত্রিকা প্রকাশ— বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এলাকার মহিলারা। প্রদীপ প্রজ্বালন করেন সমিতির বর্তমান ও প্রাক্তন সভাপতি ও সম্পাদকবৃন্দ। এরপর ছোট ছোট ছেলে-মেয়েরা কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করে সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ সুকুমার রায়ের ‘অবাক জলপান’ নাটকের মঞ্চায়ন দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।
নৃত্যশিল্পী অন্বেষা রায় কত্থক নৃত্য পরিবেশন করেন। আধুনিক বাংলা গান পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী আরাত্রিকা ভট্টাচার্য। গান শুরু করার আগে তিনি সম্প্রতি প্রয়াত কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও নৃত্যবাসা প্রেরণার ছাত্রীরা নতুন বছরকে স্বাগত জানিয়ে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে। লোকগীতি পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী সৃজা ব্যানার্জি। অনুষ্ঠানের অন্যতম বড় আকর্ষণ ছিল এলাকার ৪৮ জন ছাত্র-ছাত্রী ও নবীন-প্রবীণ লেখকদের লেখা নিয়ে প্রকাশিত পত্রিকা ‘বৈতালিক’-এর পঞ্চম সংখ্যা। পত্রিকাটি প্রকাশ করেন বর্ধমান মিউনিসিপাল বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণাভ চক্রবর্তী। এই পত্রিকা প্রকাশের মাধ্যমে এলাকার সাহিত্যচর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচিত হবে—এমনটাই আশা প্রকাশ করেন পত্রিকার সম্পাদক দেবাশিস ভট্টাচার্য। প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নতুন প্রজন্মের লেখকদের অংশগ্রহণ ভবিষ্যতে বাংলা ভাষা সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে।
Advertisement
Advertisement
Advertisement



