ভারতে এবার ১০০ শতাংশ ইথানলে চলতে সক্ষম গাড়ি বাজারে আসতে চলেছে। আগামী অক্টোবরে টয়োটার ইনোভা ফ্লেক্স-ফুয়েল গাড়ি লঞ্চ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী নিতিন গড়কড়ী। তাঁর দাবি, পেট্রোলের প্রয়োজন ছাড়াই সম্পূর্ণ ইথানলে চলতে পারবে এই গাড়ি। শুধু তাই নয়, এই গাড়ি চালানোর খরচও প্রতি লিটারে প্রায় ২৫ টাকা দামের পেট্রোলে চলা গাড়ির সমান হতে পারে।
দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গড়কড়ী জানান, অক্টোবরে ইনোভা ফ্লেক্স-ফুয়েল গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁর দাবি, গাড়িটি চলার সময় প্রায় ৬০ শতাংশ বিদ্যুৎও উৎপাদন করতে সক্ষম হবে। বিশ্বের ১৯টি দেশে ইতিমধ্যেই ইথানল জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ভারতে ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তির গাড়ি অবশ্য এই প্রথম নয়। গত জুনে মারুতি সুজুকি দেশের প্রথম ফ্লেক্স-ফুয়েল যাত্রীবাহী গাড়ি বাজারে এনেছে বলে জানা গিয়েছে। এই প্রযুক্তির গাড়িতে বিভিন্ন অনুপাতে ইথানল ও পেট্রোলের মিশ্রণ ব্যবহার করা যায়। গাড়ির মডেল অনুযায়ী ই-২০ থেকে শুরু করে ১০০ শতাংশ ইথানেল পর্যন্ত জ্বালানি ব্যবহারের সক্ষমতা থাকতে পারে।
ইথানেলের পাশাপাশি অ্যাপ-ভিত্তিক বাইক ট্যাক্সি পরিষেবা সম্প্রসারণের পক্ষেও সওয়াল করেছেন গড়কড়ী। তাঁর বক্তব্য, যাঁদের ইতিমধ্যেই দু’চাকার গাড়ি রয়েছে, তাঁরা অতিরিক্ত বড় বিনিয়োগ ছাড়াই এই পরিষেবার সঙ্গে যুক্ত হতে পারেন। গ্রামাঞ্চলেও বাইক ট্যাক্সি পরিষেবা চালুর জন্য রাজ্যগুলিকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এই পরিষেবা বাড়লে কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে দাবি তাঁর।
কৃষকদের আয় বাড়াতেও ইথানল উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। মধ্যপ্রদেশের নতুন সরকারি বাস পরিষেবা উদ্বোধনের সময়ও ইথানলকে কৃষকদের জন্য নতুন আয়ের উৎস হিসেবে তুলে ধরেছিলেন তিনি। ইথানল উৎপাদন শুরু হওয়ার পর ভুট্টার দাম বেড়েছে বলেও মন্তব্য করেছিলেন গড়কড়ী।
একই সঙ্গে বৈদ্যুতিক ও হাইড্রোজেনচালিত গাড়ির ব্যবহার বাড়ানোর পক্ষেও সওয়াল করছেন তিনি। ফলে আগামী দিনে পেট্রোল-ডিজেলের বিকল্প হিসেবে ইথানল, বিদ্যুৎ ও হাইড্রোজেন—এই তিন প্রযুক্তির মধ্যে কোনটি কতটা জায়গা করে নেয়, তা নিয়েই এখন নজর শিল্পমহলের। অক্টোবরেই টয়োটার ১০০ শতাংশ ইথানেলচালিত ইনোভা বাজারে এলে সেই পরীক্ষারই একটি গুরুত্বপূর্ণ ধাপ শুরু হবে।




