• facebook
  • twitter
Monday, 30 March, 2026

ব্যাঙ্কিং ব্যবস্থায় ৮৪,৫৮২ কোটি টাকা দিল আরবিআই, বাড়ল লিকুইডিটি

আরবিআই-এর এই পদক্ষেপ ব্যাঙ্কিং ব্যবস্থায় অর্থের প্রবাহ বাড়াবে, ঋণ প্রদানের সক্ষমতা উন্নত করবে এবং বাজারে সুদের হারের উপরও প্রভাব ফেলতে পারে।

প্রতীকী চিত্র

ব্যাঙ্কিং ব্যবস্থায় লিকুইডিটি বাড়াতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সোমবার কেন্দ্রীয় ব্যাঙ্ক ভেরিয়েবল রেট রেপো (ভিআরআর) নিলামের মাধ্যমে মোট ৮৪,৫৮২ কোটি টাকা বাজারে ঢেলেছে আরবিআই।

আরবিআই সূত্রে জানা গিয়েছে, দিনের প্রথম তিন দিনের ভিআরআর নিলামে ৫০,০০১ কোটি টাকা বাজারে প্রবেশ করানো হয়েছে। এই নিলামে কাট-অফ সুদের হার ছিল ৫.৩৪ শতাংশ এবং গড় সুদের হার ছিল ৫.৪৪ শতাংশ। পরে দ্বিতীয় নিলামে আরও ৩৪,৫৮১ কোটি টাকা ঢোকানো হয়, যেখানে কাট-অফ হার ছিল ৫.২৬ শতাংশ এবং গড় সুদের হার ৫.৩০ শতাংশ।

Advertisement

প্রথম নিলামে নির্ধারিত ৫০,০০০ কোটি টাকার বিপরীতে ৫৭,২৮৭ কোটি টাকার দরপত্র জমা পড়ে। এর মধ্যে ৫০,০০১ কোটি টাকার প্রস্তাব গ্রহণ করা হয়। তবে দ্বিতীয় নিলামে প্রাপ্ত দরপত্র নির্ধারিত অঙ্কের তুলনায় কিছুটা কম ছিল। বর্তমানে ব্যাঙ্কিং ব্যবস্থায় প্রায় ১.২৭ লক্ষ কোটি টাকার উদ্বৃত্ত লিকুইডিটি রয়েছে বলে অনুমান করা হচ্ছে। গত কয়েক দিনে ভিআরআর নিলামের মাধ্যমে মোট ২,৭৩,৫৩০ কোটি টাকার স্বল্পমেয়াদি লিকুইডিটি সরবরাহ করেছে আরবিআই।

Advertisement

প্রসঙ্গত, এর আগে ২০২৬ সালের জানুয়ারি থেকে ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে ৩.৫০ লক্ষ কোটি টাকার স্থায়ী লিকুইডিটি বাজারে ঢুকিয়েছে এই কেন্দ্রীয় ব্যাঙ্ক। এদিকে, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই জানিয়েছে, ২০২৬-২৭ আর্থিক বছরের প্রথমার্ধে ৮.২০ লক্ষ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। বাজেটে মোট বাজার ঋণের পরিমাণ নির্ধারিত হয়েছিল ১৭.২০ লক্ষ কোটি টাকা, যা পরে কিছুটা কমে ১৬.০৯ লক্ষ কোটিতে নেমে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, আরবিআই-এর এই পদক্ষেপ ব্যাঙ্কিং ব্যবস্থায় অর্থের প্রবাহ বাড়াবে, ঋণ প্রদানের সক্ষমতা উন্নত করবে এবং বাজারে সুদের হারের উপরও প্রভাব ফেলতে পারে।

Advertisement