চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে উল্লেখযোগ্য আর্থিক সাফল্যের কথা ঘোষণা করল দেশের অন্যতম শীর্ষ জীবনবিমা সংস্থা এসবিআই লাইফ ইন্স্যুরেন্স। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সংস্থার নতুন ব্যবসার প্রিমিয়াম বেড়ে দাঁড়িয়েছে ৮,৯০৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৭,২৬৮ কোটি টাকা। পাশাপাশি নিয়মিত প্রিমিয়াম সংগ্রহেও ৪০ শতাংশ বৃদ্ধি হয়েছে।
সংস্থার সুরক্ষা বিমা ব্যবসায়ও উল্লেখযোগ্য বৃদ্ধি চোখে পড়ার মতো । এই খাতে নতুন ব্যবসার প্রিমিয়াম ১০০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৯৫৮ কোটি টাকায় পৌঁছেছে। ব্যক্তিগত সুরক্ষা বিমার নতুন প্রিমিয়াম ২২ শতাংশ বেড়ে হয়েছে ২০২ কোটি টাকা। একই সঙ্গে ব্যক্তিগত নতুন ব্যবসার প্রিমিয়াম ১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫,৬১৩ কোটি টাকা।
প্রথম ত্রৈমাসিকে এসবিআই লাইফের কর-পরবর্তী নিট মুনাফা ২২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭২৫ কোটি টাকায় পৌঁছেছে। সংস্থার সলভেন্সি রেশিও ১.৯৬, যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ন্যূনতম ১.৫০-এর তুলনায় অনেক বেশি। ফলে আর্থিক স্থিতিশীলতার দিক থেকেও সংস্থাটি শক্ত অবস্থানে রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ব্যক্তিগত নতুন ব্যবসার প্রিমিয়ামে ২৪.৯ শতাংশ বাজার অংশীদারিত্ব নিয়ে তারা বেসরকারি জীবনবিমা সংস্থাগুলির মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে। এছাড়া অ্যানুয়ালাইজড প্রিমিয়াম ইকুইভ্যালেন্ট (এপিই ), ভ্যালু অব নিউ বিজনেস এবং ইন্ডিয়ান এমবেডেড ভ্যালু-সহ একাধিক সূচকেও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।




