• facebook
  • twitter
  • youtube
Wednesday, 15 July, 2026

বাংলা গানকে বিশ্বের দরবারে পৌছে দেওয়ার জন্য নতুন পদক্ষেপ এসভিএফের

বাংলা সঙ্গীতকে বৃহত্তর শ্রোতাগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার জন্য বড় পদক্ষেপ এসভিএফ মিউজিকের। তারা যুক্ত হয়েছে ওয়ার্নার মিউজিক ইন্ডিয়ার সঙ্গে।

বাংলা গানকে বিশ্বের দরবারে পৌছে দেওয়ার জন্য নতুন পদক্ষেপ এসভিএফের

গান ভালোবাসেন না এমন মানুষ পাওয়া যায় না। আর বাংলা গানের প্রতি মানুষের দুর্বলতা রয়ে গিয়েছে বহু দশক ধরে। একসময়ে বাংলার পাশাপাশি বাংলা গান মন জয় করেছিল বলিউডেরও। তাই একটা সময়ে বলিপাড়ার হিট গান তৈরি হত বাংলা গানের অনুপ্রেরণা নিয়ে। কেবল বলিউডই নয়, অনেক দক্ষিণী সিনেমাতেও বাংলা গানের অনুপ্রেরণার হদিশ পাওয়া যায়।

 

সম্প্রতি বাংলা সঙ্গীতকে অনেক বৃহত্তর শ্রোতাগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার জন্য বড় পদক্ষেপ এসভিএফ মিউজিকের। তারা যুক্ত হয়েছে ওয়ার্নার মিউজিক ইন্ডিয়ার সঙ্গে। এই জোটের ফলে বাংলা গানের সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন ধরণের আঞ্চলিক গানের সম্প্রসারণ করা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।  সেই সঙ্গে সুবিধা পাবেন সকল স্থানীয় শিল্পীরাও। পাশাপাশি তাঁদের গান ভারতের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও সহজেই পা রাখতে পারবে।

তিন দশকের বেশি সময় ধরে বাংলা সিনেমা,টেলিভিশন, গান নিয়ে কাজ করে চলেছে এসভিএফ। এই মুহূর্তে পূর্ব ভারতের অন্যতম বড় ও জনপ্রিয় প্রযোজনা সংস্থা হিসেবে নিজেদের তুলে ধরেছে তারা। এই প্রযোজনা সংস্থা এখনও পর্যন্ত ১৮০টিরও বেশি বাংলা চলচ্চিত্র প্রযোজনা করেছে এবং বিভিন্ন ভাষায় ১,৪০০টিরও বেশি চলচ্চিত্র পরিবেশন করেছে। চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত পরিবেশনা সহ একাধিক ক্ষেত্রে নিজেদের দীর্ঘদিন ধরে প্রমাণ করে চলেছে এই সংস্থা। বিশ্বের দরবারে বাংলা সিনেমাকে পৌঁছে দিয়েছে এসভিএফ।

 

আর ‘এসভিএফ মিউজিক’ তার সমৃদ্ধ ঐতিহ্যকে গর্বের সাথে তুলে ধরার পাশাপাশি সঙ্গীতের ভবিষ্যৎকেও নতুন রূপ দিয়েছে। এসভিএফের নেতৃত্বে রয়েছেন সহ-প্রতিষ্ঠাতা শ্রীকান্ত মোহতা (সৃজনশীল নির্দেশনা), মহেন্দ্র সোনি (ব্যবসায়িক বিভাগ) এবং বিষ্ণু মোহতা (পরিচালনা ও অর্থ)। তাঁদের যৌথ প্রচেষ্টায় এসভিএফ একটি বহুমুখী মিডিয়া প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাঁদের নেতৃত্বেই ‘হইচই’-এর মতো প্ল্যাটফর্মগুলো পরিচালিত হচ্ছে। অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের মতো শীর্ষস্থানীয় শিল্পীদের গাওয়া জনপ্রিয় গানের এক বিশাল সংগ্রহ এসভিএফ-এর রয়েছে।  চলচ্চিত্র ও চলচ্চিত্র-বহির্ভূত—উভয় বিভাগ মিলিয়ে তাদের সংগ্রহে রয়েছে ২০০০-এরও বেশি গান এবং ইউটিউবে ৬০ লক্ষেরও (৬ মিলিয়ন অধিক) বেশি সাবস্ক্রাইবারের বিশাল পরিবার, যা শ্রোতাদের মনে গভীর প্রভাব ফেলেছে। বাংলা সঙ্গীত জগতের ৭০ শতাংশই তাদের দখলে।

 

প্রযোজক মহেন্দ্র সোনি জানিয়েছেন গত তিন দশক ধরে বাংলা শিল্পী, সঙ্গীত ও গল্প বলার পরিসরকে শক্তিশালী করেছে এসভিএফ। বর্তমানে আঞ্চলিক সঙ্গীত, ভাষা, ও ভৌগলিক সীমারেখা পেরিয়ে নতুন দর্শকদের কাছেও পৌঁছে গিয়েছে। ওয়ার্নার মিউজিক ইন্ডিয়ার সঙ্গে এই অংশীদারি বাংলা সঙ্গীতকে আরও শক্তিশালী করে তুলবে। একই সঙ্গে নতুন শিল্পীদের কাছে নতুন দরজা খুলে দেবে।