• facebook
  • twitter
  • youtube
Friday, 4 September, 2026

ছকভাঙা লুকে যিশু ও ইধিকা

নামেই ইতিহাসের গন্ধ, তার সঙ্গে গোয়েন্দারহস্য। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’

ছকভাঙা লুকে যিশু ও ইধিকা

PIC-SNS

নামেই ইতিহাসের গন্ধ, তার সঙ্গে গোয়েন্দারহস্য। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ নিয়ে তাই প্রথম থেকেই কৌতূহল ছিল। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক। আর তাতেই স্পষ্ট, পরিচিত মুখগুলিকে একেবারে অন্যরকমভাবে পর্দায় হাজির করতে চলেছেন পরিচালক। তাতেই বেড়েছে আকর্ষণ।
ছবির কেন্দ্রীয় চরিত্র গোয়েন্দা কানাইচরণ। তার লুকে যিশু সেনগুপ্তের চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। ধূসর চুল, গোঁফ, চোখে চশমা, সব মিলিয়ে পরিচিত চেহারা থেকে অনেকটাই সরে গিয়েছেন অভিনেতা। মুখের অভিব্যক্তিতেও রয়েছে রহস্যের ইঙ্গিত। কখনও স্থির দৃষ্টি, কখনও চিন্তামগ্ন মুখ, প্রথম ঝলকেই কানাইচরণকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।
অন্য দিকে, ইধিকার লুকেও নেই চেনা গ্ল্যামারের ছাপ। একেবারে পাশের বাড়ির সাধারণ মেয়ের মতোই তাঁকে দেখা গিয়েছে। পরিচালকের কথায়, ‘যিশু এবং ইধিকার ক্ষেত্রে ইচ্ছে করেই ছকভাঙা লুক তৈরি করা হয়েছে। চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পরিবর্তন।’
আরও জানিয়েছেন, ছবির শ্যুটিং সহজ ছিল না। বেশ কঠিন পরিস্থিতির মধ্যেই কাজ করতে হয়েছে। অনেক অভিনেতার সঙ্গেও এই ছবিতেই প্রথমবার কাজ করেছেন পরিচালক। অভিনেত্রী জানিয়েছেন, পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা অত্যন্ত ভালো এবং মজার। অনুজয়-সহ আরও বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে এই ছবিতে প্রথমবার কাজ করেছেন সৃজিত। ফলে ছবির শ্যুটিং তাঁর কাছেও ছিল একাধিক নতুন অভিজ্ঞতায় ভরা।
অভিনেতা শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, যিশুর সঙ্গে তাঁর কাজের সম্পর্ক দীর্ঘ দিনের। বর্তমানে বলিউডে কাজ করলেও তাঁর মধ্যে সেই বিনয় এবং নম্রতা এখনও একই রকম।
অন্য দিকে, যিশু জানিয়েছেন, সৃজিতের সঙ্গে এটি তাঁর নবম ছবি। তবে সংশোধন করে সৃজিত কিছুটা মজা করেই জানিয়েছেন ‘ইয়েতি অভিযান’-এ তাঁর অতিথি উপস্থিতিকেও ধরলে পরিচালকের সঙ্গে তাঁর কাজের সংখ্যা দাঁড়াবে দশে।
সৃজিতের গোয়েন্দা চরিত্রের তালিকায় এর আগে এসেছে ব্যোমকেশ, ফেলুদা এবং শার্লক হোমস। তবে ‘কানাইচরণ’ যে সেই ধারার পুনরাবৃত্তি নয়, প্রথম ঝলকেই তার আভাস মিলেছে। পোশাক, চেহারা এবং শরীরী ভাষায় আলাদা সময় ও আলাদা মেজাজ তৈরি করার চেষ্টা রয়েছে।