কেওড়াতলা মহাশ্মশানে আজ শুক্রবার সম্পন্ন হয়েছে পরিচালক অনীক দত্তের শেষকৃত্য। পরিবার, বন্ধু, সহকর্মী এবং অনুরাগীদের উপস্থিতিতে শেষ বিদায় জানানো হয় প্রয়াত পরিচালককে। টলিউডের বহু পরিচিত মুখ এ দিন কেওড়াতলায় হাজির ছিলেন। তাঁদের মধ্যেই ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। শেষকৃত্যের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনীক দত্তকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি।
অগ্নিমিত্রার দাবি, তৃণমূল সরকারের বিরোধিতা করার কারণেই অনীক দত্তের সিনেমা বারবার সমস্যার মুখে পড়েছিল। তাঁর কথায়, পরিচালকের কোনো ছবি নন্দনে প্রদর্শনের অনুমতি পায়নি এবং সেই ঘটনার পিছনে রাজনৈতিক কারণই ছিল। কারণ তিনি ছিলেন আগের সরকারের বিরোধী। তিনি বলেন, ‘অনীকদা অত্যন্ত মেধাবী পরিচালক ছিলেন। কিন্তু নিজের মতামত স্পষ্ট করে বলতেন বলেই তাঁকে নানা ভাবে বাধার মুখে পড়তে হয়েছে।’
Advertisement
এ দিনের বক্তব্যে অগ্নিমিত্রা আরও জানান, অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, অভিনেত্রী পাপিয়া অধিকারী এবং অভিনেতা-বিধায়ক রুদ্রনীল ঘোষের নেতৃত্বে তাঁরা একটি বিশেষ উদ্যোগ নিতে চান। তাঁদের পরিকল্পনা, নন্দনে অনীক দত্তের সিনেমাগুলি নিয়ে একটি চলচ্চিত্র উৎসব আয়োজন করা। তাঁর মতে, এটাই হবে পরিচালকের কাজের প্রতি প্রকৃত সম্মান জানানো।
Advertisement
অগ্নিমিত্রা বলেন, ‘অনীক দত্ত বাংলা সিনেমাকে অনেক কিছু দেওয়ার ছিল। তাঁর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। এই ক্ষতির কোনও পরিমাপ হয় না।’ তিনি আরও জানান, অনীক দত্তের সিনেমা শুধু বিনোদনের জন্য নয়, সমাজ এবং রাজনীতিকে ব্যঙ্গের মাধ্যমে তুলে ধরার জন্যও বিশেষ গুরুত্ব বহন করত। সেই কারণেই তাঁর কাজ ভবিষ্যতেও দর্শকের মনে জায়গা করে নেবে বলে মনে করেন তিনি।
পরিচালকের মৃত্যুতে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। নন্দন থেকে কেওড়াতলা— সর্বত্রই অনুরাগী ও সহকর্মীদের চোখে ধরা পড়েছে গভীর আবেগ। অনেকের মতে, বাংলা চলচ্চিত্রে ব্যতিক্রমী চিন্তাভাবনা এবং সাহসী বক্তব্যের জন্য অনীক দত্ত বরাবরই আলাদা জায়গা তৈরি করেছিলেন। তাই তাঁর প্রয়াণে বাংলা সিনেমা জগতে যে শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হওয়ার নয়।
Advertisement



