• facebook
  • twitter
  • youtube
Friday, 14 August, 2026

উত্তম কুমারের জন্মশতবর্ষে চার দিনের বিশেষ আয়োজন, থাকছে ‘নস্টালজিক হেরিটেজ ওয়াক’

উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে বড় ঘোষণা রাজ্য সরকারের। আগামী ৩ থেকে ৬ সেপ্টেম্বর মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে

উত্তম কুমারের জন্মশতবর্ষে চার দিনের বিশেষ আয়োজন, থাকছে ‘নস্টালজিক হেরিটেজ ওয়াক’

File Photo

উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে বড় ঘোষণা রাজ্য সরকারের। আগামী ৩ থেকে ৬ সেপ্টেম্বর মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ নিয়ে আলোচনার জন্য রাজ্যের বিনোদনজগত-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে কী কী থাকছে, তা যথাসময়ে সরকারের তরফে জানানো হবে। পাশাপাশি, অনুষ্ঠান সফল করতে সকলের পরামর্শ চাওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, নন্দনে একটি ক্যাম্প অফিস করা হবে। সেখানে যে কেউ এসে নিজের পরামর্শ দিতে পারবেন। চার দিনের এই অনুষ্ঠানের পাশাপাশি আগামী এক বছর উত্তম কুমারকে ঘিরে নানা কর্মসূচির পরিকল্পনাও রয়েছে সরকারের।

এছাড়াও চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। নন্দনে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা জাতীয় ক্যালেন্ডার অনুযায়ী ১৬ থেকে ২৩ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব করছি। জাতীয় ও অন্য রাজ্যগুলির সঙ্গে মিলিয়ে এই উৎসব করা হচ্ছে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমার মুখ্যমন্ত্রিত্ব বা তথ্য ও সংস্কৃতি মন্ত্রী থাকাকালীন উত্তম কুমারের জন্মশতবর্ষের অনুষ্ঠানের আয়োজন করছি, এটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছুই নয়।’

তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব সৌমিত্র মোহন জানান, আগামী ৩ থেকে ৬ সেপ্টেম্বর টানা চার দিন মহাসমারোহে পালিত হবে উত্তম কুমারের জন্মশতবর্ষ। এই উদযাপনের অন্যতম আকর্ষণ হতে চলেছে একটি ‘নস্টালজিক হেরিটেজ ওয়াক’। কলকাতায় মহানায়কের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন স্থান ছুঁয়ে যাবে এই পদযাত্রা। অংশগ্রহণকারীরা উত্তম কুমারের সাজে এই পদযাত্রায় হাঁটবেন।

পাশাপাশি, মাঝরাতে কেক কেটে উত্তম কুমারের জন্মদিন পালনের বিশেষ উদ্যোগও নেওয়া হচ্ছে। মহানায়কের বাছাই করা সিনেমা নিয়ে একটি ছোট চলচ্চিত্র উৎসব ও খোলা আকাশের নীচে চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করবে রাজ্য। উত্তম কুমারের কাজ ও জীবনকে সম্মান জানাতে থাকছে একটি বিশেষ প্রদর্শনী।

এ ছাড়া বাংলা চলচ্চিত্রশিল্প এবং উত্তম কুমারের অবদান নিয়ে একটি আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হবে। আগামী ৬ সেপ্টেম্বর গ্র্যান্ড ক্লোজিংয়ের মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

বৈঠক থেকে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও দু’টি বড় ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কলকাতা পুরসভার অধীনে থাকা ‘উত্তম মঞ্চ’-এর আধুনিকীকরণ ও সংস্কার করা হবে। অন্যদিকে, নন্দনের ধাঁচে রাজ্যে গড়ে উঠবে একটি ‘উত্তম কুমার ফিল্ম সেন্টার’। এর জন্য ইতিমধ্যেই হিডকোর কাছে জমি চেয়ে আবেদন করা হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

উত্তম কুমারের জন্মশতবর্ষের ছোঁয়া থাকবে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবারের চলচ্চিত্র উৎসব। তিনি বলেন, ‘এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে উত্তম কুমারের জন্মশতবর্ষ হিসেবে বিশেষ উদযাপন হবে। আমরা প্রত্যেক বছর অনেকেরই শতবর্ষ এখানে পালন করেছি। মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ আমরা পালন করবই ফেস্টিভ্যালে, সেটা খুব স্বাভাবিক।’