• facebook
  • twitter
  • youtube
Tuesday, 30 June, 2026

পারিবারিক বচসার জের, পিসেমশাইয়ের হাতে নৃশংসভাবে খুন যুবক

অভিযোগ, বচসার মধ্যেই হঠাৎ আলতাফ তাঁর মেয়ে আকলিমা ও সালমাকে ধরে মারধর শুরু করেন। সেই সময়ে সালমার ছেলে রবিউল আলতাফকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

পারিবারিক বচসার জের, পিসেমশাইয়ের হাতে নৃশংসভাবে খুন যুবক

পারিবারিক ঝামেলা থেকে বচসা। আর সেই বচসার জেরেই খুন হলেন এক যুবক। অভিযোগ, পিসেমশাইয়ের হাতে নৃশংসভাবে খুন হলেন ওই যুবক। মৃতের নাম রবিউল শেখ(২৮)। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের নাজিরপুর পঞ্চায়েতের পশ্চিমপাড়ায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত আলতাফ মোমিন পলাতক। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত আলতাফ মোমিন নাজিরপুর পশ্চিমপাড়ার বাসিন্দা। সোমবার রাতে আলতাফের মেয়ে আকলিমার সঙ্গে তাঁর বৌদি সালমা মোমিনের বচসা শুরু হয়। সেই সময়ে আলতাফ ঘটনাস্থলেই ছিলেন। অভিযোগ, বচসার মধ্যেই হঠাৎ আলতাফ তাঁর মেয়ে আকলিমা ও সালমাকে ধরে মারধর শুরু করেন। সেই সময়ে সালমার ছেলে রবিউল আলতাফকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

অভিযোগ, আলতাফ কেন তাঁর মা ও বোনকে ধরে মারধর করছেন তা রবিউল জানতে চান। সেই সময় আলতাফ রেগে গিয়ে ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে আসেন। এরপর আলতাফ ওই ধারালো অস্ত্র দিয়ে রবিউলের উপরে অতর্কিত হামলা চালায়। রবিউল রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়েন। রবিউলকে ওই অবস্থায় দেখে আলতাফ সেখান থেকে পালিয়ে যান।

পুলিশ সূত্রের খবর, ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রবিউলকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্ত আলতাফের খোঁজে তল্লাশি শুরু করেছে। শুধুই পারিবারিক বচসা নাকি অন্য কোনও কারণে আলতাফ রবিউলের উপরে এভাবে হামলা চালালেন তা জানতে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।