• facebook
  • twitter
  • youtube
Monday, 22 June, 2026

দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন পেতে চলেছে পশ্চিমবঙ্গ, দিল্লি-হাওড়া রুটে চলবে

এই দ্বিতীয় বন্দে ভারত স্লিপার আসলে বঙ্গের মানুষজনের কাছে দুর্গাপুজোর উপহার হিসাবে দেওয়া হবে বলে সূত্রের খবর

রাজ্যে বন্দে ভারত ট্রেন অনেকদিন ধরেই চলতে শুরু করেছে। একাধিক রুটে তা চলতে শুরু করেছে। এই বন্দে ভারত ট্রেনে সফর করে খুশি পশ্চিমবঙ্গবাসী। দ্রুত পৌঁছে যাওয়া সম্ভব হয়েছে এক জায়গা থেকে অন্যত্র। এখন রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চলছে। এই আবহে এবার দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন পেতে চলেছে। রেলমন্ত্রক সূত্রে খবর, হাওড়া থেকে নয়াদিল্লি রুটে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে রেল বোর্ড। হাওড়া-নয়াদিল্লির পাশাপাশি দেশের আরও ৯টি রুটে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন চালানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কদিন পরই এই কথা ঘোষণা করতে চলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

কদিন আগেই রাজ্যে এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তখন রেলের একাধিক প্রকল্প নিয়ে কথা হয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। বউবাজার মেট্রোর কাজও দেখে গিয়েছিলেন রেলমন্ত্রী। মেট্রোর কাজের গতি দেখে খুশি তিনি। সে কথা নিজেই জানিয়েছিলেন। দেশের মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেয়েছিল পশ্চিমবঙ্গই। এবার দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন পেতে চলেছে বলে খবর। এই বছরের শুরুতেই হাওড়া এবং গুয়াহাটির মধ্যে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তবে কবে তা চালু হবে? এই প্রশ্নও অনেকের। রেল সূ্ত্রে খবর, এই বছরের দুর্গাপুজোর আগে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হবে। পশ্চিমবঙ্গের মানুষজন দুর্গাপুজোর সময় নানা জায়গায় ঘুরতে যান। দেশের রাজধানীতে পৌঁছে যান অনেকে। আবার শীতের দিকেও নয়াদিল্লি যান অনেকে। সেক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে দিগন্ত খুলে যাবে। এই দ্বিতীয় বন্দে ভারত স্লিপার আসলে বঙ্গের মানুষজনের কাছে দুর্গাপুজোর উপহার হিসাবে দেওয়া হবে বলে সূত্রের খবর।

তাছাড়া দিল্লি থেকে কলকাতা রেলপথে দূরপাল্লার ট্রেনের গতি বাড়িয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার করার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। ওই রুটে পরিকাঠামোগত মানোন্নয়নের কাজও শেষের পথে। এটাই জানা গিয়েছে রেলমন্ত্রক সূত্রে। দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর জন্যই দ্রুততার সঙ্গে কাজ করা হয়েছে। দিল্লি-হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনও হবে ১৬টি কোচের। মোট ৮২৩ জন যাতায়াত করতে পারবেন স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে। আগামী জুলাই মাসে পূর্ব রেল কর্তৃপক্ষের সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৈঠক করতে পারেন বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন চালু হবে মুম্বই-বেঙ্গালুরু, দিল্লি-আহমেদাবাদ, দিল্লি-চেন্নাই এবং দিল্লি-মুম্বই রুটেও।