• facebook
  • twitter
  • youtube
Friday, 19 June, 2026

দক্ষিণবঙ্গে বর্ষার দাপট, কলকাতা-সহ একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টি

মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের জন্য রাজ্যজুড়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

প্রতিনিধিত্বমূলক চিত্র

দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও কিছুতেই বৃষ্টির দেখা মিলছিল না। কবে বর্ষার সেই উপযুক্ত বৃষ্টির দেখা মিলবে সেই আশায় চাতকের মতো বসেছিল দক্ষিণবঙ্গের মানুষ। হচ্ছে হচ্ছে করেও যেন হচ্ছিল না। তবে বৃহস্পতিবার বিকেলের পর থেকে ধীরে ধীরে আবহাওয়া নিজের রূপ বদলাতে শুরু করে। আর শুক্রবার সকাল থেকে একেবারে আকাশ কালো করে ঝেঁপে নামে বৃষ্টি। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে তো একটানা বৃষ্টি চলছেই। এবার তাতে যুক্ত হল দক্ষিণবঙ্গ।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গে কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পষ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। কিছু কিছু জেলায় ঘণ্টায় ৪০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতায় তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সারাদিনই মাঝারি থেকে হালকা বৃষ্টির দেখা মিলবে। ইতিমধ্যেই কলকাতায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তবে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার কলকাতায় সবোর্চ্চ তাপমাত্রা রয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

শুক্রবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর দিনাজপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

উত্তরবঙ্গে পাহাড়ে ধস, নীচু এলাকায় জল জমার পাশাপাশি নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তাই আবহাওয়া দপ্তর পর্যটক ও স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাস্প প্রবেশ করেছে। সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের জন্য রাজ্যজুড়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।