• facebook
  • twitter
Tuesday, 28 April, 2026

সুপ্রিম কোর্টের নির্দেশে ফের অতিরিক্ত ভোটার তালিকা, দ্বিতীয় দফার আগে যুক্ত ১৪৬৮ নাম

সুপ্রিম কোর্টের নির্দেশে দ্বিতীয় দফার ভোটের আগে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ, নতুন করে ১৪৬৮ জনের নাম যুক্ত।

প্রতীকী চিত্র

দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে ফের অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট-এর নির্দেশ মেনে ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া আবেদনের ভিত্তিতে নতুন করে ১৪৬৮ জন ভোটারের নাম যুক্ত করা হয়েছে তালিকায়। পাশাপাশি ৬ জনের নাম বাদ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এই অতিরিক্ত তালিকায় সবচেয়ে বেশি সংযোজন হয়েছে কলকাতা দক্ষিণে, সেখানে ৬৭৭ জনের নাম যুক্ত হয়েছে। কলকাতা উত্তরে যুক্ত হয়েছেন ৫৯৬ জন ভোটার। এছাড়া হাওড়ায় ৭৭ জন, নদিয়ায় ৩৯ জন, উত্তর ২৪ পরগনায় ৩৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩০ জন, পূর্ব বর্ধমানে ৮ জন এবং হুগলিতে ৭ জনের নাম তালিকায় যোগ হয়েছে।

Advertisement

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট সাতটি জেলায় ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। নতুন তালিকায় যাঁদের নাম যুক্ত হয়েছে, তাঁরাও এই দফায় ভোট দেওয়ার সুযোগ পাবেন।

Advertisement

নিয়ম অনুযায়ী ভোটের আগে ভোটার তালিকা ‘স্থির’ হয়ে যায়। তবে শীর্ষ আদালতের নির্দেশ ছিল, ভোটের দু’দিন আগেও ট্রাইবুনালে যে সব আবেদন নিষ্পত্তি হবে এবং যাঁরা অনুমোদন পাবেন, তাঁদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সেই নির্দেশ অনুসারেই এই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, সোমবার পর্যন্ত ট্রাইবুনালে যে সমস্ত আবেদন নিষ্পত্তি হয়েছে, তার ভিত্তিতেই এই অতিরিক্ত তালিকা তৈরি করা হয়েছে। এর আগে প্রথম দফার ভোটের আগেও একইভাবে একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে ১৩৯ জনের নাম যুক্ত হয়েছিল এবং ৮ জনের নাম বাদ দেওয়া হয়েছিল।

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর প্রায় ৬০ লক্ষাধিক নাম বিবেচনাধীন অবস্থায় ছিল। কলকাতা হাই কোর্ট-এর প্রধান বিচারপতির তত্ত্বাবধানে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা সেই তালিকার নাম যাচাই করেন।

এই প্রক্রিয়ায় বহু আবেদনকারী ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত হন। পরে আদালতের নির্দেশ অনুযায়ী, তাঁরা অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইবুনালে আবেদন জানানোর সুযোগ পান।

গত ২৮ ফেব্রুয়ারি প্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। এরপর পর্যায়ক্রমে একাধিক অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সর্বশেষ এই তালিকাটি দ্বিতীয় দফার ভোটের আগে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

Advertisement