• facebook
  • twitter
  • youtube
Sunday, 21 June, 2026

হকার-গাইডদের রুখতে কড়া বিশ্বভারতী

গত বছর চালু হওয়া ৩০০ টাকার বিনিময়ে ‘হেরিটেজ ওয়াক’ নিয়ে নানা অভিযোগ উঠেছিল

ফাইল চিত্র

বিশ্ব ঐতিহ্য দিবস উপলক্ষে শান্তিনিকেতনে ঐতিহ্য রক্ষা ও পর্যটন ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে একাধিক কড়া পদক্ষেপ ঘোষণা করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। শনিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশ্রম এলাকার ঐতিহ্য বজায় রাখতে স্বঘোষিত গাইড ও অনিয়ন্ত্রিত হকারদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। পাশাপাশি পর্যটকদের উদ্দেশে ভুয়া গাইডদের বয়কট করার আহ্বানও জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, শান্তিনিকেতন পোস্ট অফিস থেকে সঙ্গীত ভবন পর্যন্ত নির্দিষ্ট রুটে পার্কিং ও হকারদের কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই এলাকায় অতিরিক্ত ভিড়, টোটোর অবাধ যাতায়াত এবং স্বঘোষিত গাইডদের দৌরাত্ম্যে দীর্ঘদিন ধরেই বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। এর ফলে যেমন যানজট বাড়ছিল, তেমনি পর্যটক ও পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটছিল।

উল্লেখ্য, গত বছর চালু হওয়া ৩০০ টাকার বিনিময়ে ‘হেরিটেজ ওয়াক’ নিয়ে নানা অভিযোগ উঠেছিল। সেই প্রেক্ষিতেই এবার বিশ্ব ঐতিহ্য দিবসে আরও সতর্ক অবস্থান নেয় কর্তৃপক্ষ। তাদের দাবি, কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আশ্রম এলাকার ঐতিহ্যবাহী স্থাপনা ও ভাস্কর্য সম্পর্কে ভ্রান্ত তথ্য প্রচার করছেন, যা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে পর্যটকেরা বিভ্রান্ত হচ্ছেন এবং এলাকার ঐতিহ্য সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন জানিয়েছে, ভুয়া গাইডদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে পর্যটন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও তথ্যভিত্তিক করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিন বিশ্ব ঐতিহ্য দিবস উপলক্ষে কলা ভবন-এর নন্দনে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উপাচার্য প্রবীর কুমার ঘোষ-সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকরা। সভা থেকে ঐতিহ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।