চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসে আবার পাথর ছোড়ার অভিযোগ উঠল। আর তার জেরে ট্রেনের একটি জানালার কাঁচে ফাটল বলেও অভিযোগ। এই ঘটনায় তদন্ত শুরু করল রেল পুলিশ। বোলপুর স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছনোর পরই জানালার কাঁচে ফাটল দেখতে পান রেল আধিকারিকরা। তখনই হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে। রেল আধিকারিকদের অনুমান, মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে। যা বুধবার সকালে সবার সামনে এসেছে। পূর্ব বর্ধমানের শক্তিগড় এলাকায় এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে রেলপুলিশ।
হাওড়া-নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনাটি ঘটে বর্ধমান-হাওড়া মেন লাইনের শক্তিগড় স্টেশনের কাছে। রেল সূত্রে খবর, আপ (২২৩০১) হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস সকাল প্রায় ৬টা ৪৫ মিনিট নাগাদ শক্তিগড় স্টেশনের প্ল্যাটফর্ম পার হচ্ছিল। তখন ওই ট্রেনের একটি কামরা লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। এই ঘটনায় ট্রেনের একটি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস অত্যন্ত খরচ করে তৈরি করা হয়েছে। সেই ট্রেনে ক্ষতি হলে খরচ বেড়ে যায় মেরামত করতে।
আগে বেশ কয়েকবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছিল। তাতে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছিল। মাঝে কিছু সময় থেমে থাকলেও আবার এমন ঘটনা দেখা গেল। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি জানান, এই ঘটনার খবর পেয়ে তদন্তে নামে রেলপুলিশ। শক্তিগড় স্টেশন এবং সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। পাথর ছোঁড়ার ঘটনায় কোনও যাত্রী জখম হননি বলে তথ্য মিলেছে। চলন্ত ট্রেনে পাথর ছোঁড়ার মতো ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। অভিযুক্তকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে রেলপুলিশ।
তাছাড়া গত জানুয়ারি মাসে বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলার অভিযোগ উঠে ছিল। পুরী থেকে হাওড়াগামী ট্রেনে তখন হামলার ঘটনা ঘটেছিল। যাত্রীদের অভিযোগ ছিল, কটকের কাছে ট্রেন পৌঁছতেই কেউ বা কারা পাথর ছোঁড়ে। তার জেরে ক্ষতিগ্রস্ত হয় সি-১৬ কোচের কয়েকটি জানালার কাচ। আবার নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারতে আক্রমণ করা হয়। বিহারের ধূলাবাড়ি এবং মানগুরজান স্টেশনের মাঝে ঘটে একই হামলার ঘটনা। আরও দু’বার ট্রেনে পাথরবৃষ্টির ঘটনা ঘটেছিল।




