• facebook
  • twitter
  • youtube
Monday, 17 August, 2026

ডিমের জবাবে পিস্তল রাখার প্রস্তাব কীর্তির, তৃণমূল সাংসদের মন্তব্য তুঙ্গে বিতর্ক

কীর্তির বক্তব্য ঘিরে পালটা তোপ দেগেছে বিজেপি। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি

ডিমের জবাবে পিস্তল রাখার প্রস্তাব কীর্তির, তৃণমূল সাংসদের মন্তব্য তুঙ্গে বিতর্ক

MP Kirti Azad Photo-SNS

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতাদের ঘিরে জনরোষ এবং ডিম ছোঁড়া এখন বাংলার রাজনীতির পরিচিত ছবি। প্রশাসন থেকে শুরু করে শাসকদলের শীর্ষ নেতৃত্ব বারবার ডিম না ছোঁড়ার বার্তা দিলেও তাতে আমল দিচ্ছে না আমজনতা। বিশেষ করে তৃণমূল নেতাদের দেখলেই ডিম ছোঁড়া এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেই আবহেই এবার বিতর্ক উসকে দিলেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। ডিম হামলা ঠেকাতে নিজের সঙ্গে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রাখার কথা প্রকাশ্যে জানালেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ।

সোমবার নিজের সংসদীয় এলাকায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন কীর্তি। সেখানেই তিনি বলেন, ‘স্কুলে ডিম দেওয়া বন্ধ করে দিল, আর এখন লোককে ডিম মারছে। আমরাও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি। আমাদেরও নিজেদের আত্মরক্ষার অধিকার আছে।’ কীর্তি আরও বলেন, ‘আমরা ভয় পাওয়ার মতো লোক নই। আমরা ভারতের জন্য ক্রিকেট খেলেছি। ভারত মাতার মর্যাদার জন্য ক্রিকেট খেলেছি।’ একই সঙ্গে বিজেপিকে তাঁর কটাক্ষ, বাংলায় এখন রাক্ষসরাজ চলছে। বাংলার অবস্থা আফ্রিকার থেকেও খারাপ। এখানে সর্বত্র ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে।
কীর্তির বক্তব্য ঘিরে পালটা তোপ দেগেছে বিজেপি। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, ‘উনি যদি আগ্নেয়াস্ত্র রাখেন, তাহলে আমরা তাঁকে তুলে বিহার পার করে দিয়ে আসব। তৃণমূল সাংসদের কথাতেই স্পষ্ট তাঁরা আইনে বিশ্বাস করেন না।’
রাজ্যে পালাবদলের পর থেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একাধিক তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিকে ঘিরে জনরোষ দেখা গিয়েছে। সৌগত রায়, মহুয়া মৈত্র, কুণাল ঘোষ-সহ তৃণমূলের একাধিক নেতা ডিম হামলার মুখে পড়েছেন। সেই ধারাবাহিকতার মধ্যেই কীর্তির পিস্তল রাখার প্রস্তাব রাজনৈতিক সংঘাতে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন ঋতব্রত শিবিরকেও নিশানা করেন কীর্তি। তাঁর দাবি, ঋতব্রত কী কী করেছেন, ফোনে কার সঙ্গে কী কথা বলেছেন, কার চাপের মুখে তিনি কী করেছেন, সব আমরা জানি।