তারাতলার ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করল কলকাতা পুলিশ। সেই সঙ্গে জানা গিয়েছে, তারাতলা দুর্ঘটনা কাণ্ডে মোট ৫টি স্তরে শুরু হল তদন্ত। প্রথম স্তরে হবে উদ্ধারকাজ এবং চিকিৎসা। দ্বিতীয় স্তরে থাকবে ভগ্নাংশ পরিষ্কার করে দেখা সেখানে আর কেউ আটকে রয়েছে কিনা। তৃতীয় স্তর থেকে শুরু হবে তদন্ত। তদন্তের আওতায় থাকবে ৩টি বিষয়। প্রথম বিষয়ের মধ্যে থাকছে কিভাবে দূর্ঘটনা ঘটল? দ্বিতীয় বিষয় নজর দেওয়া হবে যে জমির উপরে নির্মাণ কাজ চলছিল সেই জমির ধারণ ক্ষমতা কতটা? এবং নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রীর গুণগতমান। পরবর্তীতে দেখা হবে এই দুর্ঘটনার পিছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না। তারপরে এই তদন্ত শেষ হলেই শুরু হবে দোষীদের চিহ্নিতকরণ ও শাস্তির কাজ।
সূত্রের খবর, কলকাতা পুলিশের নজর এখন বেহেরা ব্রাদার্সের দিকে। দুর্ঘটনার পর থেকে তাদের কারোর সন্ধান না মিললেও জোরকদমে তাদের খোঁজে কলকাতার গোয়েন্দা পুলিশ। এর পাশাপাশি নজর রয়েছে এআর ট্রেডার্স নামে একটি সংস্থার উপরে। বেহেরা ব্রাদার্স নির্মাণ কাজ করানোর জন্য এআর ট্রেডার্সকে বরাত দেয়। সেই চুক্তিতে কি ছিল সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
‘প্রাথমিক স্তরে রয়েছে তদন্ত। এখনই ঘটনার কারণের ব্যাখা করা যাবে না। তবে আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।’ জানালেন কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল(অপরাধদমন) কুণাল আগরওয়াল। অন্যদিকে কলকাতা পুলিশের প্রতিটা স্কোয়াড ঘটনা স্থলে তদন্তের কাজে সাহায্য করছে। ঘটনাস্থল সরজেমিনে দেখে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নির্দেশেই তদন্তের গতি আরও বেড়েছে।
আজ দুপুরের দিকে তারাতলা থানা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি নির্মীয়মান গোডাউনের বিশাল লোহার শেড ও ছাদ। বুধবার তারাতলার ব্রেসব্রিজের কাছে ট্রান্সপোর্ট ডিপো সংলগ্ন এলাকায় বিপর্যয় ঘটে। জানা গিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। ভেঙে পড়া লোহার কাঠামো এবং ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কিছু শ্রমিক আটকে রয়েছেন। তবে এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের তলা থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আটজনকে উদ্ধার করে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়েছে। তাঁর মধ্য়ে তিনজনের মৃত্যু হয়েছে। বাকি পাঁচজন বর্তমানে সেখানে চিকিৎসাধীন। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও বিপর্যয় বাহিনী, দমকল, সেনার সদস্যরাও। রয়েছে ডগ স্কোয়াড ও হোমিসাইডও। জেসিবি দিয়ে ঘটনাস্থল থেকে লোহার বিম কাটা হচ্ছে। সেই সঙ্গে দেখা হচ্ছে ভেতরে এখনও কেউ আটকে আছে কি না।




